বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার কলকাতার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করেছে কালীঘাট তৃণমূল শিবির। এই সভার জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই নির্দেশ অমান্য করা, আদালতের বেঁধে দেওয়া সময়ের পরেও অনুষ্ঠান চালিয়ে যাওয়া, পুলিশের কাজে বাধাদান, ধস্তাধস্তি সহ একাধিক অভিযোগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ।
মমতার বিরুদ্ধে এফআইআর | (Mamata Banerjee)
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হেস্টিংস থানায় এফআইআর রুজু হয়েছে। মমতা ছাড়াও টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের ওই অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধেও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর করা হয়েছে।
আরও পড়ুনঃ রেশনে পোকা ধরা চাল-গম দেওয়া অতীত! ডিলারদের উদ্দেশে কড়া নির্দেশ রাজ্যের খাদ্যমন্ত্রীর
কলকাতা পুলিশের অভিযোগ, শুক্রবারের ওই সভা চলাকালীন মমতার বক্তব্য ও ইশারার পর দলের কর্মী-সমর্থকরা ব্যারিকেড সরিয়ে উপস্থিত পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এতে ক্যাথিড্রাল রোডে যান চলাচলও ব্যাহত হয় বলে দাবি করেছে পুলিশ।
এদিকে এই ঘটনা ঘিরে আগেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপের কথা বলেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন মমতা। পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশও দিয়েছিলেন তিনি।
মমতাপন্থী কালীঘাট তৃণমূলকে ক্যাথিড্রাল রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা করতে বলেছিল হাইকোর্ট। তবে শর্ত ছিল, দুপুর ১২টা থেকে ৩টে অবধি সভা করা যাবে। তবে অভিযোগ, আদালতের বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ার পরেও সভা শেষ হয়নি।

পাশাপাশি রাস্তার একটি ফ্ল্যাঙ্ক খোলা রেখে অনুষ্ঠান করার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। তবে বাস্তবে দু’দিকের লেনই বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। সেই সঙ্গেই পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি ও কাজে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। এই নিয়ে তৃণমূল নেত্রী সহ অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিল পুলিশ।
এর আগে গত ২১ জুলাই কালীঘাট তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচি ঘিরেও বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেবারও আদালতের নির্দেশ না মানার অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্ট অবধি জল গড়ালে মমতা শিবিরকে সতর্ক করেছিল আদালত। এবার টিএমসিপির অনুষ্ঠানেও হাইকোর্টের নির্দেশ অমান্য সহ একগুচ্ছ অভিযোগ উঠল।













