২৬ হাজার শিক্ষক নিয়োগে বড় আপডেট! আরও ৮ মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে কমিশন

Published on:

Published on:

School Service Commission needs more time in SSC teacher recruitment going to Supreme Court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের পর সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মতো ফের নতুন করে ২৬ হাজার শিক্ষক নিয়োগ (SSC Teacher Recruitment) প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও আট মাস সময় চায় রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসি। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি সচিন সচদেবা ও বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে এই আবেদন শুনানির জন্য উঠবে।

২৬ হাজার শিক্ষক নিয়োগে আরও সময় চাই এসএসসির | (SSC Teacher Recruitment)

২৬ হাজার শিক্ষক নিয়োগ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রাথমিকভাবে কমিশনকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর অবধি সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই আদালতের দ্বারস্থ হয়ে আরও সময় চায় এসএসসি। সেই অনুযায়ী ২০২৬ সালের ৩১ অগাস্ট অবধি সময় দেওয়া হয়। সোমবার সেই ডেডলাইনও শেষ হচ্ছে। তার আগে নিয়োগ সম্পূর্ণ করতে আরও আট মাস সময় চেয়ে আদালতে যাচ্ছে কমিশন।

আরও পড়ুনঃ পিঙ্ক কার্ড না থাকলে সেপ্টেম্বর থেকে ফ্রি বাস পরিষেবা বন্ধ? রাজ্য কী বলছে জানুন

এসএসসির (SSC) দাবি, আদালতের নির্দেশ মতো গত বছর সেপ্টেম্বর মাসে শিক্ষক নিয়োগের জন্য নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছিল। ৪৪টি বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষার অ্যানসার কি-র ভিত্তিতে অনেক অভিযোগ জমা পড়েছে। বিষয়ভিত্তিক অভিযোগের সংখ্যা প্রায় ১ লক্ষ ২৯ হাজার। এগুলি খতিয়ে দেখার জন্য একটি রিভিউ কমিটি তৈরি করা হয়েছে। এর জন্য সময় লাগবে বলে দাবি কমিশনের।

এছাড়া তাঁরা আরও জানিয়েছে, ৫ লক্ষাধিক ওএমআর শিট স্ক্যান করার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল। সেগুলি তিন বার করে স্ক্যান করতে হয়েছিল। পাশাপাশি বিধানসভা ভোটের পর কমিশনের চেয়ারম্যান ও পাঁচটি জোনের দায়িত্বে থাকা আধিকারিকরা ইস্তফা দিয়েছেন। এতেও নিয়োগ প্রক্রিয়া বিঘ্নিত হয়েছে বলে মনে করা হচ্ছে।

সেই সঙ্গেই এসএসসি জানিয়েছে, ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যের আগের সরকার ও বর্তমান সরকারের নীতিগত অবস্থানও অন্যতম কারণ। পূর্ববর্তী সরকারের নীতি অনুসারে কাজ শুরু হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে কী করণীয় সেটা রাজ্যের থেকে তাঁরা জানতে চেয়েছে বলে জানিয়েছে কমিশন।

এই বিষয়ে বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ইতিমধ্যেই অনেকটা দেরি হয়ে গিয়েছে। ফলে তাঁরা চান দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করে যোগ্যরা যাতে চাকরি পায় তা নিশ্চিত করা হোক।

SSC teacher recruitment

এদিকে গত বছর হওয়া নিয়োগ পরীক্ষায় নবম-দশমের জন্য ২ লক্ষ ৯৩ হাজার ও একাদশ-দ্বাদশের জন্য ২ লক্ষ ২৯ হাজার পরীক্ষার্থী ছিলেন। এসএসসির দাবি, নবম-দশমের ইন্টারভিউ তালিকা তৈরি। অন্যদিকে একাদশ-দ্বাদশের প্যানেল চূড়ান্ত হয়ে গিয়েছে। ৩৩টি বিষয়ের মধ্যে ২১টির কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। কমিশনের তরফে ৩৫৮৬ জনকে নিয়োগের জন্য পর্ষদে সুপারিশ পাঠানো হয়েছে।

২৬ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে টানাপড়েন বহুদিন ধরে চলছে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ডেডলাইন আগেই একবার বাড়িয়েছিল সুপ্রিম কোর্ট। এবার ফের একই দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে কমিশন। আগামীকালের শুনানিতে কী হয় সেটাই দেখার।