বাংলা হান্ট ডেস্কঃ মিড ডে মিলের (Mid Day Meal) চেনা ভাত, ডালের সঙ্গে ছাত্রছাত্রীদের পাতে পড়ল তালের নানা সুস্বাদু পদ। তালের বড়া, তালের ফুলুরি, তালের লুচি চেটেপুটে খেল পড়ুয়ারা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী তালের হারিয়ে যাওয়া নানা পদের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দিতে পূর্ব বর্ধমানের আউশগ্রামের শিবদা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে আয়োজিত হল তাল উৎসব (Taal Utsav)।
তাল উৎসব ঘিরে স্কুলে খুশির আমেজ | (Taal Utsav)
গত শনিবার আউশগ্রামের এই স্কুলে তাল উৎসব আয়োজিত হয়েছিল। মিড ডে মিলের চারজন রাঁধুনি তালের বড়া, তালের লুচি সহ তালের নানা পদ তৈরি করেছিলেন। এরপর মিড ডে মিলের রোজকার ভাত, ডাল, তরকারির পাশাপাশি এই পদগুলিও পড়ুয়াদের পাতে পরিবেশন করা হয়।
আরও পড়ুনঃ ‘সময়ে সময়ে অতি তৎপর হয়ে ওঠে এজেন্সি’! ED-CBI-কে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, কোন মামলায়?
জানা গিয়েছে, শিবদা নিম্ন বুনিয়াদি স্কুলে বর্তমানে ২২৯ জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক-শিক্ষিকা রয়েছেন পাঁচজন। আউশগ্রামের এই স্কুলে পঞ্চম শ্রেণি অবধি পঠনপাঠন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এই ধরণের উদ্যোগ নতুন নয়। মাঝেমধ্যেই মিড ডে মিলের দুপুরের খাবারে নিত্যনতুন পদ রাখার চেষ্টা করা হয়।
প্রধান শিক্ষক সৌমেন পাঁজার কথায়, “এটা নতুন কিছু নয়। মাঝেমধ্যেই দুপুরের খাবারে বিশেষ কোনও পদ রাখার চেষ্টা করা হয়। এবার তালের মরশুমে তালের নানা পদ ছাত্রছাত্রীদের খাওয়ানো হয়েছে। মিড ডে মিলের রান্নার দিদিরাই তাল দিয়ে তৈরি এই খাবারগুলি বানিয়েছেন।“

শিবদা নিম্ন বুনিয়াদি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা জানান, পুষ্টিকর খাবার পরিবেশনের পাশাপাশি গ্রামবাংলার হারিয়ে যেতে বসা খাদ্য ঐতিহ্য ও স্থানীয় সংস্কৃতির সঙ্গেও নতুন প্রজন্মকে পরিচয় করানো অত্যন্ত জরুরি। সেই ভাবনা থেকেই স্কুলে তাল উৎসবের আয়োজন করা হয়েছিল। মিড ডে মিলে ভাল, ডাল, তরকারির পাশাপাশি তালের নানা পদ পেয়ে ছাত্রছাত্রীরাও উচ্ছ্বসিত ও উৎসাহিত ছিল।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফলগুলির মধ্যে একটি তাল। একসময় তালের মরশুম এলেই বাড়িতে বাড়িতে তালের নানা পদ বানানো হত। তবে বর্তমানে সেই চল প্রায় উঠেই গিয়েছে। এবার সেই ঐতিহ্যের সঙ্গে পড়ুয়াদের পরিচয় করিয়ে দিতে অভিনব তাল উৎসবের আয়োজন করল শিবদা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়।













