বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরসুমের আগেই বিপুল পরিমাণ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের। সকলকে চমকে দিয়ে একধাক্কায় ১৮% ডিএ (Dearness Allowance) বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার (State Government)। যার ফলে স্বাভাবিকভাবেই বিরাট খুশি সরকারি কর্মীরা। এই ডিএ বৃদ্ধির ফলে ৬০ শতাংশে পৌঁছে গেল সেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা।
ডিএ বৃদ্ধি পাঞ্জাবে | Dearness Allowance
ঘটনাস্থল পাঞ্জাব। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ বৃদ্ধি নিয়ে পদক্ষেপ করেছে সরকার। কেন্দ্রীয় বেতন কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে পাঞ্জাব সরকার প্রায় ৮৫,০০০ কর্মচারীর ডিএ ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার একথা জানিয়েছেন ক্যাবিনেট মন্ত্রী আমান অরোরা।
যদিও সকলে এই হারে ডিএ পাবেন না। নতুন এই সিদ্ধান্তটি ২০২০ সালের ১৭ই জুলাইয়ের পরে নিয়োগপ্রাপ্ত সেইসব কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য বলে জানানো হয়েছে। যাদের মূল বেতন কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের ম্যাট্রিক্স অনুযায়ী নির্ধারিত, কিন্তু যাদের মহার্ঘ ভাতা সে রাজ্যের বেতন কাঠামো অনুযায়ী দেওয়া হয়।
ডিএ বৃদ্ধিকে “জন্মাষ্টমীর উপহার” আখ্যা দিয়ে মন্ত্রী অরোরা বলেন, “২০২০ সালের জুলাইয়ের আগে নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা পাঞ্জাবের উচ্চতর মূল বেতন স্কেলের সুবিধা পেতে থাকবেন। আর ২০২০ সালের জুলাইয়ের পরে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের কেন্দ্রীয় বেতন স্কেলের আওতায় আনা হলেও তাঁরা ৪২ শতাংশ হারে পাঞ্জাবের ডিএ পেতে থাকেন।” এই পার্থক্যটি উপেক্ষা করা যেত না বলেই মন্তব্য করেছেন মন্ত্রী।

আরও পড়ুন: ‘যোগ্য’ হয়েও এখনও অন্নপূর্ণা যোজনা পাননি? ৩০০০ টাকা পেতে যোগাযোগ করুন এই নম্বরে
এবার, মান সরকার এই কর্মীদের কেন্দ্রীয় সরকারের হারের সমান হারে মহার্ঘ ভাতা প্রদান করতে চলেছে। উল্লেখ্য, বর্তমানে ৬০% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও। এদিকে এমন একটি সময় ডিএ নিয়ে সুখবরটি এল যখন বকেয়া ডিএ সহ অন্যান্য দাবিতে আন্দোলনের পথে সরকারি কর্মচারীরা। বকেয়া ডিএ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সে রাজ্যে।













