বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কয়েক মাস আগেই ভারতীয় দলকে (Indian Cricket Team) জিতিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার মাঠের বাইরেও এক প্রশংসনীয় উদ্যোগের সঙ্গে যুক্ত হলেন তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। ভারতের ১,০০০ জন মেধাবী শিক্ষার্থীকে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার কোচিংয়ের ক্ষেত্রে সহায়তা করার লক্ষ্যে বৃত্তি কর্মসূচি ঘোষণা করেছেন এই তারকা ভারতীয় ওপেনার। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ভারতের এই উইকেটকিপার-ব্যাটার ‘লিড আইএএস অ্যাকাডেমি’-র সহযোগিতায় ‘সঞ্জু স্যামসন ফাউন্ডেশন’ নামের এই উদ্যোগটি চালু করেছেন।
সঞ্জু স্যামসনের এই উদ্যোগটি এমনভাবে গড়ে তোলা হচ্ছে যাতে পয়সার অভাব কোনওভাবে একজন যোগ্য শিক্ষার্থীর সিভিল সার্ভিসে যোগ দেওয়ার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়। ইউপিএসসি-র কোচিংয়ের পাশাপাশি এই অ্যাকাডেমী মেন্টরশিপ, দক্ষতা-ভিত্তিক শিক্ষা, ব্যক্তিত্বের বিকাশ, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা এবং নেতৃত্বের গুণাবলী অর্জনের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করবে। এছাড়া, স্যামসনের নিজ এলাকা ভিজিনজাম এবং এর পার্শ্ববর্তী উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের উন্নতিতে সাহায্য করবে।
লিড ইন্ডিয়া সামিটে এই স্কলারশিপের বিষয়ে ঘোষণা করা হয়। এই উদ্যোগের মাধ্যমে ১,০০০ জন শিক্ষার্থী ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার কোচিং নেওয়ার সুযোগ পাবে। এই উদ্যোগটি ক্রিকেটের বাইরেও শিক্ষা ও সামাজিক কাজকর্মে স্যামসনের ক্রমবর্ধমান অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছে। লিড আইএএস অ্যাকাডেমির সহযোগিতায় ‘সঞ্জু স্যামসন ফাউন্ডেশন’ এর মাধ্যমে পরিচালিত এই কর্মসূচিতে কেবল শ্রেণিকক্ষ-ভিত্তিক কোচিংয়ের বাইরেও নতুন কিছু শেখার সুযোগ করে দেবে।
আরও পড়ুন: কেন ভারতের চেয়ে ইংল্যান্ডে বেশি সময় কাটান বিরাট কোহলি? সামনে এলো বড় সত্যি
এই উদ্যোগটির লক্ষ্য মূলত সেই শিক্ষার্থীরা, যাদের পক্ষে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বিশেষায়িত প্রস্তুতির খরচ বহন করা তাদের নিজেদের পক্ষে সম্ভব নয়। শিক্ষার্থীদের কোচিং ও দক্ষতা উন্নয়নে সহায়তার মাধ্যমে স্যামসনের ফাউন্ডেশন ভারতের অন্যতম প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ আরও প্রসারিত করার আশা রাখে।
আরও পড়ুন: রোহিত শর্মার কীর্তিতে ভাগ বসালেন স্মৃতি মান্ধানা! মেয়েদের ক্রিকেটে এমন কীর্তি নেই কারোর
এই সময় সঞ্জু স্যামসন নিজেকে ভারতীয় দলে ফিরিয়ে আনার জন্য মরিয়া। ভারতকে বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেও কিছু ম্যাচের ব্যর্থতার কারণে তাকে দল থেকে বাদ পড়তে হয়েছিল। কিন্তু আসন্ন আফগানিস্থানের বিরুদ্ধে সিরিজে ভারতীয় স্কোয়াডে ফের একবার ডাক পেয়েছেন তিনি।













