বাংলা হান্ট ডেস্কঃ পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে বর্তমানে জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। এবার তাঁর ও তাঁর ছেলের রেস্তোরাঁয় হানা দিল খাদ্য সুরক্ষা দফতর (Food Safety Department)। সূত্রের খবর, এই অভিযানের সময় ‘অস্বাস্থ্যকরভাবে’ সংরক্ষিত প্রায় ৬০ থেকে ৭০ কেজি মাংস উদ্ধার হয়। সেগুলি ফেলে দেওয়ার নির্দেশ দেন আধিকারিকরা। পাশাপাশি দু’দিনের জন্য রেস্তোরাঁটি বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
সুজিত বসুর রেস্তোরাঁয় যা মিলল… | (Sujit Bose)
শুক্রবার সকাল থেকে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা শহরের একাধিক রেস্তোরাঁয় অভিযান চালাচ্ছিলেন। সেই সময়ই তাঁরা লেকটাউনের বেঙ্গল ধাবা ও একটি চাইনিজ রেস্তোরাঁয় পৌঁছন। সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা গিয়েছে, বেঙ্গল ধাবায় অভিযান চালিয়ে প্লাস্টিকে ভরা কেজি কেজি মাংস উদ্ধার হয়। প্রায় ৬০ থেকে ৭০ কেজি মাংস প্লাস্টিকে ভরে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছিল বলে দাবি আধিকারিকদের।
আরও পড়ুনঃ বিজেপির মেগা মিশন! ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘সেবা সংকল্প অভিযান’, ঘোষণা অর্থমন্ত্রীর
এরপর রেস্তোরাঁ কর্তৃপক্ষকে ওই মাংস ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এই বিষয়ে কর্তৃপক্ষকে শোকজ নোটিশও দেয় দফতর। চাইনিজ রেস্তোরাঁটিকে পরিচ্ছন্নতার বিষয়ে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
রেস্তোরাঁ পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য আগামী শনিবার ও রবিবার তা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। সাফসাফাইয়ের কাজ সম্পন্ন হলে আধিকারিকরা ফের রেস্তোরাঁ পরিদর্শন করবেন। তাঁদের তরফে অনুমতি পাওয়া গেলে ফের রেস্তোরাঁ খোলা যাবে।

খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা জানান, টাকা খরচ করে রেস্তোরাঁগুলিতে স্বাস্থ্যকর খাবার খেতে যায় মানুষ। সেখানেই যদি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করা হয়, তাহলে গ্রাহকদের স্বাস্থ্যের জন্য তা ঝুঁকিপূর্ণ হতে পারে। সেই কারণে খাবারের কোয়ালিটি ও স্বাস্থ্যবিধি নিয়ে কোনও রকম আপস হবে না।
সাম্প্রতিক অতীতে রাজ্যের বিভিন্ন রেস্তোরাঁয় হানা দিয়েছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। এবার তাঁরা প্রাক্তন মন্ত্রী সুজিত ও তাঁর ছেলের রেস্তোরাঁয় অভিযান চালালেন। সেখানে অস্বাস্থ্যকরভাবে খাবার সংরক্ষণ করা হয়েছে দেখেই কড়া পদক্ষেপ নেন তাঁরা।













