বাংলা হান্ট ডেস্কঃ মাথার ওপর ঝুলছে সুপ্রিম কোর্টের ডেডলাইন। সেই নির্দেশ অনুযায়ী ২০২৮ সালের অগাস্ট মাসের মধ্যে কর্মরত শিক্ষকদের টেট (In Service Teacher TET) নিতে হবে। সর্বোচ্চ আদালতের দেওয়া নির্দেশ কার্যকর করতে প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্তরের ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকাদের (Government Employees) টেট করাতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। আর এই নিয়েই এবার ফের একবার আন্দোলনের পথে সংগ্রামী যৌথ মঞ্চ।
সরকারি কর্মীদের তৈরি থাকার বার্তা | Government Employees
সুপ্রিম টেট নির্দেশিকার কথা মাথায় রেখে স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। বিকাশ ভবনের তরফে এসএসসি ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষা কবে নেওয়া সম্ভব। দ্রুত টেটের দিনক্ষণ দফতরকে জানানো হচ্ছে বলেই সূত্রের খবর।
টেট ইস্যুতে যখন বাংলার শিক্ষকসমাজের মধ্যে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে তখন ফের পথে নামার ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। ফেসবুকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ লিখেছেন, ‘লড়াইয়ের জন্য তৈরি হোন। কোনো অন্যায়কারী শক্তির কাছে মাথা নত করি না ভবিষ্যতেও করবো না।’
উল্লেখ্য, একদিকে টেট অন্যদিকে বকেয়া ডিএ ইস্যু। এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বারংবার আলোচনা সত্ত্বেও লাভের লাভ কিছু হয়নি বলে অভিযোগ সরকারি কর্মীদের একাংশের। আবার সম্প্রতি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের পঞ্চম পে কমিশন সংক্রান্ত বকেয়া ডিএ (Dearness Allowance) সংক্রান্ত বৈঠক বাতিল হয়েছে। রাজ্য অর্থদপ্তরের উদ্যোগে আগামী ১২ সেপ্টেম্বর দিল্লিতে এই বৈঠক হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। স্বাভাবিকভাবেই সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মচারীদের মধ্যে।

আরও পড়ুন: ‘মুম্বাইয়ের রাজা’ এবার কলকাতায়! নিউটাউনে দেখা মিলবে সবচেয়ে বড় গণেশের, আয়োজনে Banglahunt
দু’দিন আগেই এই ইস্যুতে ক্ষোভ উগরে দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ লিখেছিলেন, ‘কোন পরিস্থিতিতেই হতাশই না বরং নতুন করে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি। গ্ৰান্ট-ইন-এইড কর্মচারীদের বকেয়া নিয়ে টালবাহানা চললে পথে নামবো, তবে এবার নামলে নতুন ইতিহাস সৃষ্টি করার জন্য নামবো।’ এদিকে টেট নিয়েও সমস্যা বাড়ছে। এই পরিস্থিতিতে সকলকে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিলেন ভাস্কর ঘোষ।













