বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজো (Durga Puja) হতে চলেছে। সেই উৎসব ঘিরে রাজ্যবাসীর আগ্রহ ও উন্মাদনা তুঙ্গে। এই আবহে পুজো উদ্যোক্তাদের উদ্দেশে বেশ কিছু জরুরি বার্তা দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। তিনি স্পষ্ট জানান, কোনও পুজো কমিটি বা ক্লাব দখল করা যাবে না। পাশাপাশি রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদা তোলাও চলবে না।
পুজোর আগেই উদ্যোক্তাদের উদ্দেশে কড়া বার্তা | (Arjun Singh)
দুর্গাপুজো উপলক্ষে গত মঙ্গলবার শ্যামনগরের রবীন্দ্র ভবনে একটি সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে পরিবহণমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক ডঃ রাজেশ কুমার, জগদ্দল থানার আইসি কল্লোল কুমার ঘোষ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ অসীম খান, এসিপি রাজশ্রী শঙ্কর বণিক প্রমুখ।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার টাকায় ফিরবে রাস্তার হাল! বিজেপি নেতার স্ত্রীর মানবিক পদক্ষেপে আপ্লুত সকলে
সেই বৈঠক থেকেই পুজো উদ্যোক্তাদের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়। অর্জুন বলেন, কোনও পুজো কমিটি অথবা ক্লাব দখল চলবে না। পুজোর মরশুমে ডিজে বক্স বাজানো যাবে না। এমনকি রাস্তায় গাড়ি আটকে জুলুমবাজি করে চাঁদা আদায়ও বন্ধ।
পরিবহণমন্ত্রী জানান, জগদ্দল, ভাটপাড়া এলাকায় দুর্গাপুজো থেকে ছটপুজো অবধি উৎসব চলে। প্রত্যেকটি পুজো কমিটিকে সরকারের নির্দেশিকা মেনে চলতে হবে। অষ্টমীর দিন সকল মদের দোকান বন্ধ রাখতে হবে। এই বিষয়ে নজরদারি চালাবে প্রশাসন।
একইসঙ্গে অর্জুনের হুঁশিয়ারি, বিসর্জনের সময় যারা গণ্ডগোল পাকায়, তাঁদের নামের তালিকা আমার কাছে রয়েছে। প্রয়োজন পড়লে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া পুজো কমিটিগুলির উদ্দেশে জগদ্দলের বিধায়ক রাজেশ বলেন, দর্শনার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, সেই জন্য কমিটিগুলিকে স্বেচ্ছাসেবক বাড়াতে হবে। পাশাপাশি মণ্ডপে অগ্নিনির্বাপণের ব্যবস্থাও রাখতে হবে।
দুর্গাপুজো আর একমাসও বাকি নেই। বর্তমানে রাজ্য জুড়ে জোরকদমে মণ্ডপ তৈরি সহ নানা কাজ চলছে। এই আবহে পুজো উদ্যোক্তাদের উদ্দেশে কড়া বার্তা দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।













