বাংলা হান্ট ডেস্কঃ পালাবদলের পর প্রথম দুর্গাপুজোয় চমকের পর চমক। এবার বাস, ট্রামের পাশাপাশি জলপথেও পুজো পরিক্রমার (Durga Puja Parikrama) ব্যবস্থা করেছে রাজ্য পরিবহণ দফতর (West Bengal Transport Department)। সপ্তমী থেকে নবমী লঞ্চে করে শহর কলকাতার একাধিক মণ্ডপ ঘোরা যাবে। এর জন্য কত খরচ, কীভাবে বুক করতে হবে জেনে নিন।
লঞ্চে করে পুজো পরিক্রমা | (Durga Puja Parikrama)
বাসে করে ঠাকুর দেখার আয়োজন প্রায় প্রত্যেক বছরই হয়। তবে এবার জলপথেও পুজো পরিক্রমা করা যাবে। কোন রুটে এই ব্যবস্থা থাকবে, কত টাকা ভাড়া, সবটাই জানিয়েছে পরিবহণ দফতর।
আরও পড়ুনঃ পুজোর আগে বড় সুখবর! তিনগুণ বেতন বাড়ল ব্রেথওয়েট শ্রমিকদের
দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী ও নবমীতে মিলেনিয়াম পার্ক থেকে সকাল ১১টায় লঞ্চ ছাড়বে। হাওড়া জেটি ঘুরে সেই লঞ্চ আহিরীটোলা ঘাটে পৌঁছবে। সেখান থেকে এসি বাসে করে দর্শনার্থীদের একের পর এক মণ্ডপে নিয়ে যাওয়া হবে।
দর্শনার্থীদের আহিরীটোলা সংলগ্ন পুজো, শোভাবাজার রাজবাড়ি, জগৎ মুখার্জি পার্ক, কুমারটুলি পার্ক, শ্রী শ্রী মায়ের বাড়ি, বলরাম মন্দির ও বাগবাজার সর্বজনীন পুজো মণ্ডপে নিয়ে যাওয়া হবে। এরপর বাগবাজার স্টিমার ঘাট থেকে তাঁদের লঞ্চে তুলে হাওড়া জেটি ঘুরিয়ে মিলেনিয়াম পার্কে ফিরিয়ে আনা হবে।
জলপথে এই পুজো পরিক্রমার জন্য আনুমানিক পাঁচ ঘণ্টা মতো সময় লাগবে। ভাড়াও খুব একটা বেশি নয়। মাথাপিছু ৮০০ টাকা।
পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, পুজোর ভিড়ে সাধারণ মানুষ যাতে আরও স্বচ্ছন্দভাবে যাতায়াত করতে পারেন ও তাঁদের পরিকল্পিতভাবে নানা পুজো দেখার সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুজো পরিক্রমার বিষয়ে বিশদে জানতে ও বুকিংয়ের জন্য দফতরের সঙ্গে যোগাযোগ করা যাবে।

যোগাযোগের নম্বর- ৮৬৯৭৭৩৩৩৯১/ ৮৬৯৭৭৩৩৩৯২।
হোয়াটসঅ্যাপ নম্বর- ৯৮৩০১৭৭০০০।
বাসে করে পুজো পরিক্রমা অনেকেই করেছেন। তবে এভাবে লঞ্চে চেপে পুজো পরিক্রমার আয়োজন সত্যিই অভিনব। এতে রাস্তার ভিড় এড়িয়ে আরও সহজে ঐতিহ্যবাহী নানা মণ্ডপ দেখা যাবে বলে মনে করা হচ্ছে।













