‘সরকারের পরিবর্তন হয়েছে, সিস্টেমের পরিবর্তন হয়নি’! শিক্ষকদের বিক্ষোভে উত্তাল করুণাময়ী

Published on:

Published on:

Teacher protest in karunamoyee over requirement demand
Follow

বাংলা হান্ট ডেস্ক : বিকাশভবনের সামনে নিজেদের দাবি জানাতে চেয়েছিলেন শিক্ষকরা (Teacher Protest)। কিন্তু তার আগেই করুণাময়ীতে পুলিশের বাধায় আটকে গেল তাঁদের পদযাত্রা। নিয়োগ ও সরকারি চুক্তির দাবিতে মঙ্গলবার পথে নামেন ICT ঐক্যমঞ্চের সদস্যরা। আন্দোলনকারীদের আটকে দিতে পুলিশি তৎপরতা শুরু হতেই করুণাময়ী চত্বরে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। একসময় প্রতিবাদীদের কয়েকজন রাস্তার উপর শুয়ে পড়েন। তাঁদের সরানোর চেষ্টা ঘিরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাক্কাধাক্কিও শুরু হয়।

রাজপথে শিক্ষকদের বিক্ষোভ (Teacher Protest)‌

দীর্ঘদিন ধরে ICT-এর ষষ্ঠ ও সপ্তম ফেজের শিক্ষকদের নিয়োগের দাবি জানিয়ে আসছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, একই ধরনের দায়িত্ব পালন করলেও আগের পর্যায়ের শিক্ষকদের তুলনায় তাঁদের পারিশ্রমিক অনেকটাই কম। সেই বৈষম্য দূর করে আগের ফেজগুলির মতো সরকারি চুক্তির আওতায় আনার দাবিই এবার সামনে এনেছেন তাঁরা।

এক আন্দোলনকারী শিক্ষকের কথায়, “আমাদের দাবি, আগের ফেজের মতো সরকারিকরণ চাই। আগের এক থেকে পঞ্চম ফেজ অনুযায়ী শিক্ষকদের ২৫ থেকে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হয়। সরকারি চুক্তি করে তাঁদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়। কিন্তু আমরা সেখানে সেই একই কাজ করে পাই ৬৮০০ থেকে ৭০০০ টাকা। সংসারটা চালাই কীভাবে। প্রতিদিনের গাড়ি ভাড়াই চলে যায় ১৫০-২০০ টাকা। আমাদের দাবি আগের পর্যায়ের মতো সরকারিকরণ করতে হবে।”

আন্দোলনকারীদের আরও অভিযোগ, তাঁদের নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়াও দীর্ঘদিন ধরে থমকে রয়েছে। এই প্রসঙ্গে এক শিক্ষক বলেন, “আমাদের গত বছর ঠিক এই সময়ে ইন্টারভিউ হয়। তারপর আমাদের ইন্টারভিউ হয় মার্চ পর্যন্ত। তারপর সরকারের পালাবদল। তারপর মে থেকে এখনও পর্যন্ত হয়ে গিয়েছে, কিন্তু আমাদের ইন্টারভিউ প্রসেস চালু হয়নি। আমাদের সরকারের কাছে দাবি, দ্রুত যাতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, আর আমাদের স্কুলে পাঠানো হয়।” এদিন হাতে পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে বিকাশভবনের উদ্দেশে রওনা দিয়েছিলেন আন্দোলনকারীরা। তাঁদের মূল দাবি, ICT ষষ্ঠ এবং সপ্তম ফেজের শিক্ষকদের দ্রুত সরকারি চুক্তিভিত্তিক নিয়োগ করতে হবে। পাশাপাশি যে নিয়োগ প্রক্রিয়া মাঝপথে থেমে রয়েছে, সেটিও দ্রুত শুরু করার দাবি তোলেন তাঁরা।

Teacher protest in karunamoyee over requirement demand

আরও পড়ুন :ভোটে হারতেই রাজনীতি থেকে দূরত্ব! অন্তরালে চলে যাওয়ার কারণ জানালেন দেবাংশু

বিক্ষোভকারী এক শিক্ষকের কথায়, “বাংলায় ১৫ বছরের অন্যায় অত্যাচারের পরিবর্তন হয়েছে সেখানে আমাদের চাকরিপ্রার্থীদের বড় ভূমিকা ছিল। আমরা আশাবাদী নিয়োগ হবে। কিন্তু আমরা সরকারের পরিবর্তন দেখতে পেয়েছি সিস্টেমের পরিবর্তন আমরা দেখতে পাইনি। আমরা শিক্ষামন্ত্রীকে বলতে চাইছি আমরা এখনই নিয়োগ চাই। আমরা আগের সরকারের আমলেও রাস্তায় ছিলাম, এখনও রাস্তায় আমরা রাস্তায় থাকতে চাই না। আমরা শিশুদের পড়াতে চাই।” এখন প্রশাসনের তরফে এই দাবির বিষয়ে কী পদক্ষেপ করা হয়, সেদিকেই নজর আন্দোলনকারীদের।