বাংলা হান্ট ডেস্ক : এসআইআর (SIR) ট্রাইব্যুনালের দায়িত্ব সামলাতে গিয়ে এবার যাতায়াতের সমস্যাকেই বড় বাধা হিসেবে সামনে আনলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। সল্টলেকের বাড়ি থেকে জোকায় ট্রাইব্যুনালের দফতরে পৌঁছতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় তাঁকে। রাস্তার বেহাল দশা, যানজট এবং প্রতিদিনের দীর্ঘ যাত্রার কারণে শেষ পর্যন্ত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২ নভেম্বর থেকে তাঁর ইস্তফা কার্যকর হওয়ার কথা।
কেন এসআইআর (SIR) ট্রাইবুনাল থেকে ইস্তফা প্রাক্তন বিচারপতির ?
গত এপ্রিল মাসে SIR সংক্রান্ত আপিলের শুনানির জন্য গঠিত ট্রাইব্যুনালের দায়িত্ব নেন ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। তাঁর দায়িত্বে রয়েছে মুর্শিদাবাদ-সংক্রান্ত আপিলের শুনানি। ট্রাইব্যুনালের দফতর জোকায় হওয়ায় প্রতিদিন সল্টলেক থেকে সেখানে যাতায়াত করতে হচ্ছে তাঁকে। যাওয়া আসা মিলিয়ে দিনে প্রায় মোটামুটি চার ঘণ্টা সময় রাস্তাতেই কেটে যাচ্ছে।
দীর্ঘ যাতায়াত এবং রাস্তার সমস্যার কারণে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, ট্রাইব্যুনালের স্থান যদি সল্টলেকের বাড়ির কাছাকাছি করা হয়, তা হলে দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়টি তিনি বিবেচনা করতে পারেন। বাড়ি থেকে কাজ করার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি তিনি।
প্রাক্তন বিচারপতির এই সিদ্ধান্তের পিছনে শুধু যাতায়াতের সমস্যাই নয়, ট্রাইব্যুনালের কাজের চাপের বিষয়টিও আলোচনায় এসেছে। মুর্শিদাবাদ-সংক্রান্ত বিপুল সংখ্যক আপিল তাঁর হাতে রয়েছে। সূত্রের খবর, ৭,৪৭,৬২১টি আপিল এখনও বিচারাধীন থাকার কথা উল্লেখ করা হয়েছে। ফলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রতিদিন ট্রাইব্যুনালে পৌঁছনোর পাশাপাশি বিপুল সংখ্যক মামলার দায়িত্ব সামলানোও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন :পুজোর মরশুমে সোনার দামে ছ্যাঁকা! আজ ২২ ও ২৪ ক্যারেটের দর কত?
SIR-এর আপিল নিষ্পত্তির জন্য রাজ্যে একাধিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং সেখানে অবসরপ্রাপ্ত বিচারপতিরা দায়িত্ব পালন করছেন। এর আগেও কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। ফলে একের পর এক বিচারপতির সরে যাওয়ার ঘটনা সামনে আসায় SIR-সংক্রান্ত আপিলের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।













