২০২৭-এই রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট! পুজোর মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari announced student union election in 2027
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধীরে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রভোট (Student Union Election) বন্ধ রয়েছে। এবার সেই নির্বাচন করাতে উদ্যোগী রাজ্য সরকার। শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজে এবিভিপির ডাক্তারি পড়ুয়াদের সর্বভারতীয় সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, আগামী বছর থেকেই রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হতে পারে।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)

এদিনের সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল আমলে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে কোনও ছাত্রভোট হয়নি। এবার সেই নির্বাচন করাতে উদ্যোগী রাজ্য সরকার। এই নিয়ে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এবিভিপি পর্যবেক্ষকের সঙ্গে কথাও হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ সময়ে কাজ করতে না পারলেই বদলি! রিভিউ মিটিংয়ে আধিকারিকদের হুঁশিয়ারি মন্ত্রী-সচিবের

নিজের রাজনৈতিক জীবনের শুরুর দিনগুলির কথা টেনে শুভেন্দু বলেন, “ভোট হওয়া উচিত। আমরা সবাই ছাত্র রাজনীতির ফসল। কলেজের নির্বাচনে ক্লাসের ফাঁকে বক্তৃতা দিয়েই আজ এখানে এসেছি।“

এরপর এবিভিপি পর্যবেক্ষকের বক্তব্য উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “উনি আমায় বললেন, আগামী বছর করে (ছাত্র সংসদ নির্বাচন) করুন। রাজ্যের সব কলেজ, বিশ্ববিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও রাষ্ট্রবাদীদের আওয়াজ বন্দে মাতরম শোনা যাবে।“

এদিন শুভেন্দুর বক্তৃতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গও উঠে আসে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘সেন্টার অফ এক্সেলেন্স’ বলে দাবি করে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এই বিশ্ববিদ্যালয়কে ১ হাজার কোটি টাকা অর্থসাহায্য করেছে।

Suvendu Adhikari

এরপরেই সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যাদবপুরে মিছিল করে ‘আজাদি, আজাদি’ স্লোগান তোলা হচ্ছে। কিসের আজাদি? ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’। কান খুলে শুনুন, যে কাশ্মীরের মাটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। সেই কাশ্মীর আমাদের। দিমাগি নকশাল, কমিউনিস্ট ও দেশবিরোধী শক্তিদের বেছে বেছে ধ্বংস করতে হবে।“

তৃণমূল আমলে ২০১৭ সালে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে শেষ পূর্ণাঙ্গ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। বিগত বছরগুলিতে এসএফআই, এবিভিপি সহ একাধিক ছাত্র সংগঠনের তরফে বহুবার ছাত্রভোটের দাবি তোলা হয়েছে। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিলেন, আগামী বছরই রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ভোটের দামামা বাজতে পারে।