বাংলা হান্ট ডেস্কঃ জেন জি-র মন জয় করতে এবার অভিনব উদ্যোগ নিল ভারতীয় ডাক (India Post)। রাজ্যে চালু করা হল নেক্সট জেন পোস্ট অফিস (Next Gen Post Office)। আর পাঁচটি সাধারণ ডাকঘরের থেকে একেবারে আলাদা এই পোস্ট অফিসগুলিতে ফ্রি ওয়াই-ফাই, চা-কফির ব্যবস্থা সহ একাধিক সুযোগ-সুবিধা থাকবে।
নেক্সট জেন পোস্ট অফিসে আর কী কী সুবিধা মিলবে? | (Next Gen Post Office)
আপাতত রাজ্যের পাঁচটি ডাকঘরকে নেক্সট জেন পোস্ট অফিস ব্যবস্থার অধীন আনা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, খড়গপুর আইআইটি, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ও কল্যাণীতে এই অত্যাধুনিক পোস্ট অফিস চালু হয়েছে। এখানে ফ্রি ওয়াই-ফাই, সোফা, প্রিন্টিংয়ের সুবিধা, আধুনিক চেয়ার-টেবিল, চা-কফির ব্যবস্থা ও নানা সংবাদপত্র ও পত্রিকা রাখা হবে।
আরও পড়ুনঃ ১ টাকাতেই বিরিয়ানি-মিষ্টি পাবেন দুঃস্থরা! আজ থেকে রাজ্যে চালু হচ্ছে আহার ক্যান্টিন
এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল অশোক কুমার বলেন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ও করতে চেয়েছে। প্রত্যেকটিতে মোটামুটি ২০ লক্ষ টাকা খরচ হয়।
দক্ষিণবঙ্গ সহ সিকিমের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায় বলেন, ডাকঘরে এমন পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে তা আগামী প্রজন্মের ছেলেমেয়েদের একটি পছন্দের জায়গা হয়ে ওঠে। তাঁরাও চিঠি লিখুন। মুম্বইয়ের ধাঁচে শিবপুর আইআইইএসটিতে ডিজিটালি লকারের পোস্ট অফিস করার পরিকল্পনা আছে। পাশাপাশি কাঁকুড়গাছি সাব পোস্ট অফিসের মতো শরৎ বসু রোড ও বালিগঞ্জ ডাকঘরকে অত্যাধুনিক করার ভাবনা আছে।

চিঠি আদান প্রদান থেকে শুরু করে বর্তমানে আধুনিক ব্যাঙ্কিং ও ডিজিটাল আর্থিক লেনদেনের অন্যতম ক্ষেত্র হয়ে উঠেছে পোস্ট অফিস। এবার সেই পোস্ট অফিসের ইতিহাসেই এক নতুন অধ্যায়ের সূচনা হল। জেন জি-র মন জয়ের লক্ষ্যে রাজ্যে চালু হল পাঁচটি নেক্সট জেন পোস্ট অফিস। আগামীদিনে আরও একাধিক ডাকঘরকে অত্যাধুনিক করে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।













