বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মধ্যে বড় ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। যাদের নিজস্ব বাড়ি আছে, সেসব মধ্যবিত্তের জন্য একটি আকর্ষণীয় ঘোষণা করেছেন তিনি। বকেয়া রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে বকেয়া হাউস ট্যাক্সের (House Tax) সুদ ও জরিমানা মকুব এবং আসলের উপরেও ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে।
হাউস ট্যাক্স নিয়ে বড় ঘোষণা অগ্নিমিত্রার | (Agnimitra Paul)
বুধবার আসানসোল পৌরনিগম প্রাঙ্গন থেকে পুজোর শুভেচ্ছা সম্বলিত চারটি বিশেষ ট্যাবলোর উদ্বোধন করেন রাজ্যের পুরমন্ত্রী। সেই অনুষ্ঠানে আসানসোল পৌরনিগমের কমিশনার দিলীপ মিশ্রও উপস্থিত ছিলেন। সেখান থেকে বকেয়া হাউস ট্যাক্স আদায়ে আকর্ষণীয় ছাড় দেওয়ার ঘোষণা করেন তিনি।
আরও পড়ুনঃ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ হাতানোর অভিযোগ! সোহমের আগাম জামিনের আবেদন খারিজ করল হাইকোর্ট
অগ্নিমিত্রা জানান, বর্তমানে আসানসোল পৌরনিগমের প্রায় ২০০ কোটি টাকার হাউস ট্যাক্স বকেয়া আছে। সেই টাকা দ্রুত আদায় করতে করদাতাদের বিশেষ ছাড় দেওয়া হবে। আগামী ৩১ মার্চের মধ্যে যদি বকেয়া হাউস ট্যাক্স জমা দেওয়া হয়, তাহলে তাঁদের কোনও অতিরিক্ত সুদ বা জরিমানা দিতে হবে না। পাশাপাশি বকেয়া আসল টাকার উপরেও ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
শহরবাসী এই ছাড় কাজে লাগিয়ে দ্রুত বকেয়া হাউস ট্যাক্স মিটিয়ে দেবে বলে আশাপ্রকাশ করেন পুরমন্ত্রী। তিনি বলেন, “এই সুযোগের সদ্ব্যবহার করে দ্রুত বকেয়া কর মিটিয়ে দেবেন শহরবাসী। সেই সংগৃহীত টাকা শহরের পরিকাঠামো উন্নয়ন সহ নানা জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়নে ব্যবহৃত হবে।“

বকেয়া কর আদায় করতে রাজ্যের একাধিক পুরসভায় ওয়েভার স্কিম চালু হয়েছে। ২০২৭ সালের মার্চ মাস অবধি কলকাতা পুরসভায় সম্পত্তি করের ওয়েভার স্কিম চালু থাকবে। পরে প্রয়োজন পড়লে আরও দু’মাসের জন্য এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হতে পারে।
এবার আসানসোল পৌরনিগমের প্রায় ২০০ কোটির বকেয়া হাউস ট্যাক্স আদায়ে বড় ঘোষণা করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এটি করদাতাদের কাছে একটি দারুণ সুযোগ বলে মনে করছেন অনেকে।














