বাংলা হান্ট ডেস্কঃ বিভিন্ন সরকারি প্রকল্প সহ নানা কাজে আধার কার্ডের (Aadhaar Card) দরকার হয়। বিভিন্ন ক্ষেত্রে ভেরিফিকেশনের কাজে আধার নম্বরও চাওয়া হয়। তবে অনেক সময় আধার ভেরিফিকেশনের সময় দেখা যায়, মোবাইল নম্বরে ওটিপি আসছে না। এই পরিস্থিতিতে কীভাবে আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট (Aadhaar Card Mobile Number Update) করতে হয় জেনে নিন।
আধার কার্ডে মোবাইল নম্বর আপডেটের পদ্ধতি | (Aadhaar Card)
ব্যাঙ্কিং পরিষেবা থেকে অনলাইন ভেরিফিকেশন অবধি নানা কাজে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দরকার হয়। ফলে কোনও কারণে যদি আধার কার্ডে পুরনো বা ভুল মোবাইল নম্বর দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। যদিও এমনটা হলে আধার অ্যাপ বা UIDAI -এর ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল নম্বর আপডেট করা যেতে পারে।
আরও পড়ুনঃ নিজের বাড়ি থাকলেই কেল্লাফতে! পুজোর মধ্যে হাউস ট্যাক্স নিয়ে বড় ঘোষণা অগ্নিমিত্রার
আধার অ্যাপের মাধ্যমে মোবাইল নম্বর আপডেট করতে হলে প্রথমে মোবাইলে আধার অ্যাপ খুলতে হবে। এরপর মোবাইল নম্বর আপডেট অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে ওটিপি বা ফেস স্ক্যানের মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে।
ভেরিফিকেশন হয়ে গেলে নতুন মোবাইল নম্বর দিতে হবে। পাশাপাশি অন্য কোনও তথ্য চাওয়া হলে সেটিও দিতে হবে। সবশেষে নির্ধারিত ফি জমা করে আবেদনটি জমা করে দিতে হবে। পরবর্তীতে অনলাইনেই আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে।
অন্যদিকে কেউ চাইলে আধার নিয়ামক সংস্থা UIDAI -এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। এর জন্য আধার নিয়ামক সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/hi -এ গিয়ে আধার পরিষেবা সংক্রান্ত পরিষেবাগুলির মধ্যে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং অপশনটি বেছে নিতে হবে। এরপর নিজের শহর বা নিকটবর্তী আধার পরিষেবা কেন্দ্র বেছে নিতে হবে।

এরপর আর যে যে তথ্য চাওয়া হয়েছে সেগুলি দিয়ে উপলব্ধ তারিখ ও সময় নির্বাচন করতে হবে। যাবতীয় তথ্য ভালোভাবে যাচাই করে অ্যাপয়েন্টমেন্টের আবেদন জমা করতে হবে। সবশেষে নির্ধারিত দিন ও সময়ে আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় ভেরিফিকেশনের পর মোবাইল নম্বর আপডেটের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আধার ভেরিফিকেশনের সময় রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি না এলে প্রথমেই দেখা উচিত, নম্বরটি সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। নেটওয়ার্কের সমস্যা হলেও অনেক সময় মেসেজ আসতে দেরি হয়। ফলে কিছুক্ষণ অপেক্ষা করে নেওয়া উচিত। এরপর চেষ্টার পরেও মোবাইলে ওটিপি না এলে মোবাইল নম্বর আপডেট করা যেতে পারে।














