বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো শুরু হতেই কলকাতার রাস্তায় ভিড় বাড়ছে। বড় বড় পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ের পাশাপাশি গড়িয়াহাট, ধর্মতলা, নিউ মার্কেটের মতো বাজারগুলিতেও মানুষের ভিড় জমছে। এর জেরে শহরের বিভিন্ন রাস্তায় যানজট হচ্ছে। এই পরিস্থিতিতে পুজোর ভিড় সামলানো এবং মানুষের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। চতুর্থী থেকেই শহরের রাস্তায় নেমেছে হাজার হাজার পুলিশকর্মী ও হোমগার্ড।
পুজোর নিরাপত্তায় রাস্তায় হাজার হাজার পুলিশ (Kolkata Police), যানজট কমাতেও বিশেষ ব্যবস্থা
বুধবার, চতুর্থী থেকে কলকাতার নিরাপত্তার দায়িত্বে ১২ হাজার পুলিশকর্মী (Kolkata Police) এবং ২০ হাজার অস্থায়ী হোমগার্ড। যান চলাচল সামলাতে থাকছেন আরও ৬ হাজার ট্রাফিক পুলিশকর্মী এবং ৬ হাজার অস্থায়ী ট্রাফিক হোমগার্ড।
পুজোর সময় যানজট কমাতে মঙ্গলবার ট্রাফিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন লালবাজারের পুলিশকর্তারা। সেই বৈঠকে যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাইপাস-সহ গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে নজরদারি বাড়ানো হচ্ছে। হেলমেট ছাড়া বাইক চালানো এবং বাইকে তিনজন করে যাতায়াতের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত কয়েকদিন ধরে কলকাতা ও শহরতলির বিভিন্ন রাস্তায় যানজট হচ্ছে। এই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়েছেন, পুজোর সময় বাইরে থেকেও অনেক মানুষ শহরে আসেন। রাস্তা পারাপারের সময় গাড়ি ও মানুষের চলাচলে শৃঙ্খলা না থাকলে যানজট বাড়তে পারে। তবে খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
মা ফ্লাইওভারেও যানজটের সমস্যা দেখা যাচ্ছে। পুলিশ কমিশনার জানিয়েছেন, নিউ টাউন এবং কলকাতার গাড়ির চাপ এসে পড়ে এই ফ্লাইওভারের উপর। তাই সেখানে যানজট হচ্ছে। ফ্লাইওভারের মাঝখানে কোনও গাড়ি খারাপ হয়ে গেলে ছোট ক্রেনের সাহায্যে সেটিকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ট্রাফিকের সমস্যা মেটাতে কলকাতা পুলিশ চেষ্টা চালাচ্ছে। এই নিয়ে সরকারি স্তরেও আলোচনা হচ্ছে।
এদিকে, গড়িয়াহাট, নিউ মার্কেট, ধর্মতলা, হাতিবাগান ও শ্যামবাজারে পুজোর কেনাকাটা করতে আসা মানুষের ভিড় বাড়ছে। যাদবপুর, কসবা, পার্ক সার্কাস এবং উত্তর কলকাতার বিভিন্ন শপিং মলের আশপাশেও ভিড় হচ্ছে। বিকেলের পর অফিসফেরত মানুষের ভিড় বাড়ায় যান চলাচল আরও ধীর হয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ সরকারি হাসপাতালে এবার আরও সস্তায় ওষুধ! কলকাতা-সহ ১৬টি হাসপাতালে বড় উদ্যোগ
এই পরিস্থিতিতে শহরের বিভিন্ন রাস্তায় ট্রাফিক আধিকারিকরা নজর রাখছেন। যানজট কমিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে লালবাজার (Kolkata Police)।














