বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মধ্যেই সরকারি কর্মীদের (Government Employees) জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। মঙ্গলবার অর্থ দফতরের গ্রুপ জে শাখার তরফে জারি করা মেমোয় বলা হয়েছে, চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে সরকারি কর্মীদের জিপিএফ অ্যাকাউন্টে ৭.১ শতাংশ হারেই সুদ (GPF Interest Rate) জমা পড়বে।
প্রায় ৬ বছর ধরে অপরিবর্তিত জিপিএফ সুদের হার | (GPF Interest Rate)
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর অবধি এই সুদের হার বহাল থাকবে। প্রায় ছয় বছর ধরে এই সুদের হার অপরিবর্তিত আছে। ২০২০ সালের এপ্রিল মাসে ৭.৯ শতাংশ থেকে কমিয়ে এই হার ৭.১ শতাংশ করা হয়েছিল। কেন্দ্রের স্মল সেভিংস এবং জিপিএফ সুদের সুদের কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে আর এই সুদের হার বদলায়নি।
আরও পড়ুনঃ স্মার্ট মিটার বসিয়েও আসছে বেশি বিল? অভিযোগ জানানোর সহজ উপায় জানুন
জানিয়ে রাখি, যেসব সরকারি কর্মীর জিপিএফ অ্যাকাউন্ট আছে, তাঁদের টেক হোম বেতনে এই সিদ্ধান্তের কোনও প্রভাব পড়বে না। সংশ্লিষ্ট কর্মীকে কিছু করতেও হবে না। ট্রেজারি এবং পে অ্যাকাউন্টস অফিস কর্তৃপক্ষ নিজেরাই এই হার অনুসারে ওই কর্মীর অ্যাকাউন্টে সুদ জমা করে দেবেন।
অর্থ দফতরের এই নির্দেশিকা ইতিমধ্যেই প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, সকল জেলাশাসক, ট্রেজারি অফিসার এবং পে অ্যাকাউন্টস অফিসারদের কাছে পাঠানো হয়েছে। সব স্তরে একই হার মেনে যাতে হিসাব হয় সেই জন্য এই পদক্ষেপ।

জিপিএফ সুদের হার শুধুমাত্র সাধারণ প্রভিডেন্ট ফান্ডে সীমাবদ্ধ নয়। জেলারেল প্রভিডেন্ট ফান্ড (ওয়েস্ট বেঙ্গল সার্ভিস), কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (ওয়েস্ট বেঙ্গল), রাজ্যের অনুমোদনে স্টেট অ্যাকাউন্টে রাখা অন্য কোনও পিএফ ও ১৯৮৩ সালের ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড লোকাল অথরিটিজ অ্যাক্টের অধীন ফান্ডেও এই একই হার কার্যকর হবে। পরবর্তী কোয়ার্টারে এই সুদের হার বাড়বে, কমবে নাকি একই থাকবে তা সেই সময়কার বিজ্ঞপ্তিতে জানা যাবে।














