বাংলা হান্ট ডেস্ক : চাকরি বদল হোক কিংবা অবসরের পরিকল্পনা, কর্মজীবনে প্রভিডেন্ট ফান্ডের গুরুত্ব অনেক। অথচ PF-এর নিয়মে বদল, নতুন পরিষেবা বা টাকা তোলার পদ্ধতি সম্পর্কে জানতে গিয়ে অনেককেই একাধিক ওয়েবসাইটে খোঁজ করতে হয়। সেই সমস্যা কিছুটা কমাতেই গ্রাহকদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে WhatsApp-কে কাজে লাগাচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। সংস্থার দাবি, তাদের WhatsApp চ্যানেল ইতিমধ্যেই ২ লক্ষেরও বেশি গ্রাহকের কাছে পৌঁছেছে। তবে
ইপিএফও-র (EPFO)-এর হোয়াটসঅ্যাপে কী সুবিধা মিলবে ?
EPFO-র WhatsApp চ্যানেলে মূলত সংস্থার বিভিন্ন প্রকল্প ও পরিষেবা সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়। কর্মচারী প্রভিডেন্ট ফান্ড (EPF), কর্মচারী পেনশন প্রকল্প (EPS) এবং কর্মচারী জমা-সংযুক্ত বিমা প্রকল্প (EDLI) নিয়ে নতুন ঘোষণা, নিয়মের পরিবর্তন, গুরুত্বপূর্ণ সময়সীমা ও অন্যান্য বিজ্ঞপ্তি জানতে পারবেন অনুসরণকারীরা। শুধু প্রকল্পের খবর নয়, কর্মচারীদের অভিযোগের সমাধানের জন্য আয়োজিত শিবির সম্পর্কেও এই মাধ্যমে তথ্য দেওয়া হয়।
নিয়োগকর্তাদের জন্যও রয়েছে প্রয়োজনীয় আপডেট। পাশাপাশি, বিভিন্ন পরিষেবা ব্যবহারের নিয়ম বুঝতে যাতে অসুবিধা না হয়, তার জন্য টিউটোরিয়াল ভিডিয়োর লিঙ্কও শেয়ার করে EPFO। সেই তালিকায় YouTube ভিডিয়োও রয়েছে। PF থেকে অগ্রিম অর্থ তোলার পদ্ধতি কিংবা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে অর্থ প্রদানের পর জমা সংক্রান্ত প্রক্রিয়া সম্পর্কে এই ভিডিয়োগুলি থেকে ধারণা পাওয়া যেতে পারে।
EPFO-র WhatsApp আপডেট পেতে সংস্থার সরকারি সূত্রে প্রকাশিত চ্যানেলের লিঙ্ক ব্যবহার করে সেটিকে অনুসরণ করতে হবে। এরপর চ্যানেলে প্রকাশিত নতুন তথ্য ও বিজ্ঞপ্তি দেখা যাবে। তবে চ্যানেলে যুক্ত হওয়ার সময় ভুয়ো লিঙ্ক বা প্রতারণামূলক বার্তা থেকে সাবধান থাকা প্রয়োজন। নিজের UAN, পাসওয়ার্ড, OTP কিংবা ব্যাঙ্কের গোপন তথ্য কোনও অচেনা ব্যক্তি বা সন্দেহজনক ওয়েবসাইটের সঙ্গে ভাগ করবেন না।

আরও পড়ুন : আয়ুষ্মান ভারত যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত! পুজোর মধ্যেই জারি বিজ্ঞপ্তি
এই WhatsApp চ্যানেলটিতে PF-এর ব্যালান্স পরীক্ষা করা, টাকা তোলার আবেদন জমা দেওয়া কিংবা পেনশন সংক্রান্ত পরিষেবা নেওয়ার ব্যবস্থা নেই। এসব কাজের জন্য EPFO-র সরকারি ওয়েবসাইট অথবা UMANG অ্যাপ ব্যবহার করতে হবে। প্রয়োজনে নিজের এলাকার সংশ্লিষ্ট EPF দফতরের সাহায্যও নেওয়া যেতে পারে। PF সংক্রান্ত নতুন ঘোষণা জানতে প্রতিবার আলাদা করে ওয়েবসাইট খোঁজার প্রয়োজন কমাতে পারে এই WhatsApp চ্যানেল। তাই নতুন নিয়ম বা পরিষেবার খবর রাখতে EPFO-র সরকারি চ্যানেল অনুসরণ করুন।














