Durga Puja 2026 Live Updates

টেস্ট সিরিজের আগে স্বস্তিতে গম্ভীর! অফফর্মের ধারা কাটিয়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন এই তারকা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে শ্রীলঙ্কা সফরের পর থেকে সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না টেস্ট ফরম্যাটে ভারতীয় দলের (Indian Cricket Team) নতুন তিন নম্বর পজিশনের ব্যাটার দেবদত্ত পাডিক্কলের (Devdutt Padikkal)। শ্রীলঙ্কা সফরে বাকি ভারতীয় ব্যাটাররা খুব প্রশংসনীয় কিছু করতে না পারলেও তিনি ধারাবাহিক ভাবে রান করে গিয়েছিলেন। ফলে অনেকেই ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) পরামর্শ দিচ্ছিলেন যে আর পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় না হেঁটে তাকেই ধারাবাহিকভাবে সুযোগ দেওয়ার।

কিন্তু ছন্দপতন ঘটে ভারতীয় ‘এ’ দলের জার্সিতে মাঠে নেমে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি দেবদত্ত। ফলস্বরূপ অতি গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজে তাকে সুযোগ দেওয়া উচিত কিনা সেই নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেকেই।

কিন্তু পরিস্থিতি বদলে গেল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে সেই দেশের পিচ ও পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য অনেক নামি দামি সিনিয়র তারকার সাথে সাথে দেবদত্ত পাডিক্কলকেও ভারতীয় ‘এ’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচের দলে রাখা হয়। আর সেই তিনটি প্রস্তুতি ম্যাচের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে পরিচিত ছন্দে দেখা গেল পাডিক্কলকে।

আরও পড়ুন: বড় ধাক্কা খেলো BCCI! আগামী মে মাসের আগে নীল জার্সিতে পাওয়া যাবে না ভারতীয় দলের এই তারকাকে

দ্বিতীয় ইনিংসে অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া করেন এই বাঁ-হাতি ব্যাটার। আগ্রাসী ব্যাটিং করে এদিন ২৪৮ বল খেলে ২৪ টি চার ও ৩ টি ছক্কা সহযোগে সাজানো ১৯৯ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন তিনি। এই অসাধারণ ইনিংসটির মধ্যে দিয়ে তিনি প্রমাণ করলেন যে সাময়িক ব্যর্থতার কারণে তাকে ছেঁটে ফেললে ভুল করতো ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: ফিটনেসের দৌড়ে গত ৪ বছরে কোহলিকেও টেক্কা দিয়েছেন রোহিত শর্মা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান

আসন্ন নিউজিল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে গেলে এই সিরিজ জিততেই হবে ভারতীয় দলকে। কিন্তু এই কাজটা একেবারেই সহজ হবে না। আর সেইজন্য এই সিরিজে দেবদত্ত পাডিক্কলকে নিজের সেরা ফর্মে দলে চাইবেন গৌতম গম্ভীররা।