কাশ্মীরে ফের রক্তাক্ত জঙ্গি হামলা! ১৫ সেকেন্ডে চলল ৩০ রাউন্ড গুলি, বাংলার জওয়ান-সহ আহত ৩

Published on:

Published on:

3 CRPF personnel critically injured in a terror attack in Jammu and Kashmir

বাংলা হান্ট ডেস্ক: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ফের জঙ্গি হামলা। এবার সন্ত্রাসবাদীদের নিশানায় কুলগামের (Kulgam) মিরবাজারের কাছে একটি সিআরপিএফ (CRPF) ক্যাম্প। বুধবার দুপুর দুটো নাগাদ মোটরবাইকে চেপে সেখানে পৌঁছয় দুই সশস্ত্র জঙ্গি। নাকা চেকিং চলাকালীন নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে আচমকাই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। মাত্র ১৫ সেকেন্ডে ৩০ রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা। এই ঘটনায় পশ্চিমবঙ্গের এক জওয়ান-সহ তিন সিআরপিএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পরেই গোটা উপত্যকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গি হামলায় গুরুতর জখম ৩ CRPF জওয়ান

সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, আহত তিন জওয়ানের নাম সন্তোষ চাঁদু, রাকেশ দাস এবং সোমবীর সিং। সন্তোষ পশ্চিমবঙ্গের বাসিন্দা, রাকেশ অসমের এবং সোমবীর মধ্যপ্রদেশের বাসিন্দা। বাংলার জওয়ানের কোমর ও মেরুদণ্ডে গুলি লেগেছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে অনন্তনাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। সিআরপিএফের তরফে জানানো হয়েছে, মোটরবাইকে আসা অজ্ঞাতপরিচয় হামলাকারীরা নাকা পয়েন্টে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় (Jammu and Kashmir)।

আরও পড়ুন: অনুমতি ছাড়াই তৈরি করা হয়েছিল বুক স্টল! ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা খারিজ হাইকোর্টের

এই হামলার ভয়াবহতা ধরা পড়েছে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা গিয়েছে, প্রথম ১৫ সেকেন্ডেই প্রায় ৩০ রাউন্ড গুলি চালায় দুই দুষ্কৃতী। পরবর্তী এক মিনিটের মধ্যেও আরও কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। প্রথমে এক জওয়ানকে একটি দোকানের সামনে বসে থাকতে দেখা যায়। হামলা শুরু হতেই অন্য এক জওয়ানকে দৌড়ে আসতে দেখা যায়। পরে অস্ত্র হাতে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন নিরাপত্তারক্ষীরা। তবে পাল্টা জবাবের মুখেও বাইকে চেপে পালিয়ে যেতে সক্ষম হয় হামলাকারীরা।

প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে। এর পিছনে লস্কর-ই-তইবার জঙ্গিদের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তে মূলচক্রী হিসেবে লস্কর জঙ্গি মহম্মদ লতিফ ভাটের নাম উঠে এসেছে বলে সূত্রের খবর। তার মাথার দাম ২৪ লক্ষ টাকা। তবে হামলার সঙ্গে তার সরাসরি যোগের বিষয়টি এখনও তদন্তসাপেক্ষ। ঘটনার পর কুলগাম-সহ আশপাশের এলাকায় শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। জঙ্গিদের খোঁজে নিরাপত্তাবাহিনী সতর্ক রয়েছে।

3 CRPF personnel critically injured in a terror attack in Jammu and Kashmir

আরও পড়ুন: দার্জিলিং-লাভা ছেড়ে শীতে ঘুরে আসুন পাহাড়ের এই অচেনা ঠিকানা স্যাংশে-তে

এদিকে, হামলার খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, বৈঠকে সিআরপিএফের শীর্ষ আধিকারিকরা হামলার বিস্তারিত বিবরণ দিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়েও আলোচনা চলছে। উল্লেখ্য, প্রায় এক বছর পর কাশ্মীরে ফের এমন জঙ্গি হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে নিরাপত্তা মহলে (Jammu and Kashmir)।