বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে নিউজিল্যান্ডের মাটিতে পরপর দুটি ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু দল জয় পেলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ ভারত অধিনায়ক। ঘরের মাটিতে চূড়ান্ত সফল শুভমান SENA দেশগুলিতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) যেন নিজের ছায়া। বিশ্বকাপের (2027 ODI World Cup) আগে এই বিষয়টি ভাবিয়ে তুলছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
আগামী ওডিআই বিশ্বকাপের একটা বড় অংশ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেই টুর্নামেন্টে ওপেনার হিসেবে অধিনায়ক শুভমান গিল ব্যর্থ হলে বড় সমস্যার সম্মুখীন হবে মেন ইন ব্লুজ। এখনও অবধি SENA দেশগুলিতে মনে রাখার মতো কিছুই করতে পারেননি তিনি। তাই বিশ্বকাপে এটি ভারতীয় দলের একটি দুর্বল জায়গা হয়ে উঠতে পারে।

শুভমান গিলের ওডিআই ফরম্যাটে ৬২ গড়ে ৩,৭৫০ রান করেছেন এখনও পর্যন্ত, যে রেকর্ড যথেষ্ট প্রশংসনীয়। কিন্তু SENA দেশগুলিতে তার রেকর্ড সম্পূর্ণ অন্যরকম। এই নির্দিষ্ট দেশগুলিতে মাত্র ৩৫ গড়ে ৪২৫ রান করেছেন তিনি। চলতি নিউজিল্যান্ড সিরিজেও দুটি ইনিংসে ব্যাট করতে নেমে তিনি সম্পূর্ণ ব্যর্থ। এবার তাকে এই বিষয়টি নিয়ে বাড়তি ভাবনাচিন্তা করার পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় স্পিনার মুরলী কার্তিক।
আরও পড়ুন: ফের দলের সংখ্যা বাড়ছে আইপিএলে! জানুন কোন কোন শহর পাচ্ছে নতুন দলের উপহার
কার্তিক বলেছেন, “তাকে তার কৌশলে কিছুটা পরিবর্তন আনতে হবে। এটি হতে পারে তার ফুটওয়ার্কের ক্ষেত্রে, অথবা সে ব্যাটিংয়ের সময় আরও হালকা হাতে শট খেলার ওপরও কাজ করতে পারে। বিরাট কোহলির মতো খেলোয়াড়দের ক্ষেত্রে আমরা এমনটা আগে দেখেছি। এই ধরনের পেস বোলিং সহায়ক পরিস্থিতিতে, দীর্ঘদেহী বোলারদের বিপক্ষে নতুন বল সামলানো কখনোই সহজ নয়; তবে তাকে খুব দ্রুত নিজেকে মানিয়ে নিতে হবে।”
আরও পড়ুন: নতুন বিশ্বরেকর্ড রোহিত শর্মার! প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই অভিনব কীর্তি
ভারতীয় দল সামনে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিরুদ্ধেও দেশের মাটিতে দুটি ওডিআই সিরিজ খেলবে। কিন্তু সেই সিরিজগুলিতে বিশ্বকাপের পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের মনে সন্দেহ রয়েছে। নিউজিল্যান্ড সফর ছিল বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে ও কঠিন ব্যাটিং পরিস্থিতিতে নিজেদের অভ্যস্ত করে তোলার যথার্থ সুযোগ। কিন্তু গিল সেই পরীক্ষায় শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন।












