বাংলা হান্ট ডেস্কঃ ছটপুজোয় কলকাতার রাস্তায় পাওয়া যাবে ফুলের সুগন্ধ। মিস্ট ক্যানন দিয়ে গোলাপজল ছেটানোর তোড়জোড় শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। শহরের কোন কোন রাস্তায় গোলাপজল ছড়ানো হবে, প্রাথমিকভাবে সেটাও ঠিক হয়ে গিয়েছে।
কলকাতার রাস্তায় গোলাপজল ছেটাবে পুরসভা | (Kolkata Municipal Corporation)
সম্প্রতি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখতে শহরের রাস্তায় নিয়মিত জল স্প্রে করে পুরসভা। বিভিন্ন উৎসবের দিনগুলিতে সেই জলের সঙ্গে গোলাপজল মিশিয়ে স্প্রে করার ব্যবস্থা করা হচ্ছে। এতে দূষণ নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি রাস্তাঘাটে ফুলের সুগন্ধ ছড়াবে।

পুরমন্ত্রী এই বার্তা দেওয়ার পরেই কলকাতা পুরসভার তোড়জোড় শুরু হয়ে যায়। আগামী রবিবার ও সোমবার, ছটপুজোর দু’দিন শহরের ছটের শোভাযাত্রার নানা রাস্তা ও হুগলি নদীর ঘাটগুলিতে গোলাপজল ছেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যেই পুর কমিশনারের অফিস থেকে এই মর্মে একটি নির্দেশিকা পুর অফিসারদের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ চাকরিতে তিন বছর না হলেও করা যাবে বদলির আবেদন! স্বাস্থ্য সহায়িকাদের নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
কলকাতা পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, করোনার সময় শহরে জীবাণুনাশক ছড়াতে দু’টি মিস্ট ক্যানন তথা অ্যান্টি স্মগ মিস্ট স্প্রে কেনা হয়েছিল। বর্তমানে ওই দুই মিস্ট ক্যানন দিয়ে শহরের রাস্তায় জল স্প্রে করা হয়। ছটপুজোর সময় সেগুলি দিয়েই শহরের নানা রাস্তায় গোলাপজল ছেটানো হবে।
প্রাথমিকভাবে কাশীপুর, চিৎপুর, বিডন স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এস এন ব্যানার্জি রোডের মতো ব্যস্ত রাস্তা ও নিমতলা ঘাট, বাজে কদমতলা ঘাটের মতো হুগলি নদীর নানা ঘাটে গোলাপজল ছেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের রাস্তায় মিস্ট ক্যানন দিয়ে গোলাপজল ছেটানো হলে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ফুলের সুগন্ধ পাওয়া যাবে বলে দাবি পুরসভার অফিসারদের একাংশের।
দীপাবলির আবহেই রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, কালীপুজো সহ বিভিন্ন বিশেষ উৎসব ও অনুষ্ঠানের দিনে ওয়াটার মিস্টের সঙ্গে গোলাপজল মিশিয়ে স্প্রে করা হবে। এতে বাতাসের ধূলিকণা নিয়ন্ত্রণে আসার পাশাপাশি চারপাশে মনোরম সুগন্ধ ছড়িয়ে পড়বে। এবার তাঁর এই বার্তা অনুযায়ী ছটপুজোর সময় শহরের রাস্তায় গোলাপজল ছেটানোর তোড়জোড় শুরু করে দিল কলকাতা পুরসভা।












