বাংলাহান্ট ডেস্ক: বিদেশিদের জন্য ভারতে (India) আসার পথ আরও সহজ করতে ভিসা (Indian Visa) ব্যবস্থায় বড়সড় সংস্কারের পথে হাঁটল কেন্দ্রীয় সরকার (Central Government of India)। ভিসার আবেদনপত্র থেকে শুরু করে বিভিন্ন ক্যাটেগরি এবং উপবিভাগের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এতদিন ভারতীয় ভিসার আবেদনপত্রে ১৩টি বিভাগ পূরণ করতে হত। নতুন ব্যবস্থায় সেই সংখ্যা কমিয়ে ৯ করা হচ্ছে। পাশাপাশি, সাব-ক্যাটেগরির সংখ্যা ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হয়েছে। আবেদনপত্রের প্রয়োজনীয় তথ্য বা ফিল্ডের সংখ্যাও প্রায় ৭০ শতাংশ কমানো হয়েছে। কেন্দ্রের দাবি, উন্নত দেশগুলির ভিসা ব্যবস্থার সঙ্গে তুলনা করেই এই পরিবর্তন করা হয়েছে।
ভারতীয় ভিসায় (Indian Visa) ৭০ শতাংশ জটিলতা কমাল কেন্দ্রীয় সরকার:
নতুন ব্যবস্থায় সবচেয়ে উল্লেখযোগ্য বদল আসছে টুরিস্ট ভিসার ক্ষেত্রে। এতদিন শুধুমাত্র ভ্রমণের জন্য এই ভিসা ব্যবহার করা যেত। এবার তার নাম বদলে রাখা হচ্ছে ‘ভিজিটর ভিসা’। ফলে ভারতে বেড়াতে আসার পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসা কিংবা স্বল্পমেয়াদি পড়াশোনার মতো কাজেও এই ভিসা ব্যবহার করতে পারবেন বিদেশিরা। নতুন ভিজিটর ভিসাকে (Indian Visa) দু’টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি ভি১ ভিসা। সর্বোচ্চ ৩০ দিনের জন্য এই ভিসা দেওয়া হবে। নির্দিষ্ট মেয়াদের মধ্যে একাধিকবার ভারতে প্রবেশ ও দেশ ছাড়ার সুযোগও থাকবে।
আরও পড়ুন: ‘এ ধরনের ঘটনার প্রতিবাদ জরুরি’, ক্যালকাটা ফাইলস নিয়ে বাংলাহান্ট এক্সক্লুসিভে প্রতিক্রিয়া স্বাগতার
অন্যদিকে, ভি২ ভিজিটর ভিসার মেয়াদ হতে পারে এক বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত। আবেদনকারীর প্রয়োজন এবং পরিস্থিতি বিবেচনা করে ভিসার মেয়াদ নির্ধারণ করা হবে। পাশাপাশি, চিকিৎসার জন্য ভারতে আসা বিদেশিদের সুবিধার্থে মেডিক্যাল ভিসার আওতায় আয়ুষ চিকিৎসার জন্য পৃথক বিভাগ রাখা হচ্ছে। বিদেশি পড়ুয়াদের আকৃষ্ট করতে স্টুডেন্ট ভিসার নিয়মেও বেশ কিছু সরলীকরণ করা হয়েছে। বিজনেস ভিসার ক্ষেত্রেও একাধিক ভাগের পরিবর্তে মূলত দু’টি বিভাগ রাখার পরিকল্পনা রয়েছে।
নতুন নিয়মে ভারতীয় ভিসার মোট ৯টি প্রধান বিভাগ হল বিজনেস, ডিপ্লোম্যাটিক, ওয়ার্ক, জার্নালিস্ট, মেডিক্যাল, অফিশিয়াল, স্টুডেন্ট, ভিজিটর এবং মিসলেনিয়াস। কেন্দ্রের আশা, এই সরলীকরণের ফলে বিদেশি পর্যটক, ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং পড়ুয়াদের কাছে ভারত আরও আকর্ষণীয় হয়ে উঠবে। বিশেষ করে ব্যবসা ও বিনিয়োগের কাজে বিদেশিদের যাতায়াতের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা অনেকটাই কমবে।

আরও পড়ুন: দুদিনেই নজিরবিহীন ব্যবসা, এক সপ্তাহেই ৫০০ কোটি পেরিয়ে রেকর্ড ‘রামায়ণ’এর
কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষের দিক থেকেই নতুন ভিসা (Indian Visa) ব্যবস্থা কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর ফলে ভারতে আসার জন্য বিদেশিদের দীর্ঘ আবেদন প্রক্রিয়া এবং অপ্রয়োজনীয় নিয়মকানুনের মুখে পড়তে হবে না বলেই মনে করা হচ্ছে। পর্যটন, চিকিৎসা, শিক্ষা এবং ব্যবসা—প্রতিটি ক্ষেত্রেই আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ। সব মিলিয়ে, বিদেশিদের কাছে ভারতকে আরও সহজে প্রবেশযোগ্য করে তুলতে ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে মোদি সরকার।












