পরিবেশ বাঁচাতে প্লাস্টিকের বদলে ভুট্টার ব্যাগ! অভিনব ভাবনা মন্ত্রী অগ্নিমিত্রার

Published on:

Published on:

Agnimitra Paul plans to make bags from corn instead of plastic bags

বাংলা হান্ট ডেস্ক : বাজার করতে গেলেই প্লাস্টিকের থলি ব্যবহার করেন। এবার প্লাস্টিকের থলির বিকল্প হিসেবে মিলতে পারে ভুট্টার দানা দিয়ে তৈরি বিশেষ ব্যাগ। ব্যবহারের পর জলে দিলেই তা গলে যাবে বলে জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পরিবেশের ক্ষতি কমানোর পাশাপাশি ক্রেতাদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতেও এই নতুন ব্যবস্থা চালুর ভাবনা রয়েছে সরকারের।

ভুট্টার দানা দিয়ে তৈরি ব্যাগ ব্যবহারের পরিকল্পনা পুরমন্ত্রীর (Agnimitra Paul)

প্লাস্টিকের দূষণ রুখতে দীর্ঘদিন ধরেই নানা ধরনের বিকল্প ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। পাট, চট কিংবা কাপড়ের ব্যাগ ব্যবহারে উৎসাহ দেওয়া হলেও বাজারে কেনাকাটার সময় অনেকেই থলি সঙ্গে আনতে ভুলে যান। সেই পরিস্থিতিতে সহজে ব্যাগ পাওয়ার ব্যবস্থা করতে বিভিন্ন জায়গায় ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা করা হয়েছে। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই মেশিন থেকে ২, ৫ অথবা ১০ টাকা দিয়ে প্রয়োজনীয় ব্যাগ সংগ্রহ করা যাবে।

Agnimitra Paul plans to make bags from corn instead of plastic bags

এই উদ্যোগের সবচেয়ে অভিনব দিক হল ভুট্টার দানা থেকে তৈরি ব্যাগ। দেখতে অনেকটা প্রচলিত প্লাস্টিকের থলির মতো হলেও ব্যবহারের পর জলে ফেললে সেটি গলে যাবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। ফলে সাধারণ প্লাস্টিকের মতো দীর্ঘদিন বর্জ্য হিসেবে জমে থাকার সমস্যা থাকবে না বলেই তাঁর দাবি।

আরও পড়ুন : ফের বদলাতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস! Hold Up Application-এর মানে জানুন

পুরমন্ত্রী বলেন, “প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য বাজারে মেশিন দিয়েছি। যেখানে ৫ টাকা বা ১০ টাকা দিলে কাপড়ের ব্যাগ পাবেন। ভুট্টা দানা দিয়ে তৈরি একরকমের ব্যাগ আছে, যা দেখতে প্লাস্টিকের মতো। এটা একবার ব্যবহার করবেন তারপর জলে দিলেই গলে যাবে।” এখানেই শেষ নয়, ব্যবহৃত প্লাস্টিকের বোতলকেও কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। মন্ত্রীর প্রস্তাবিত ব্যবস্থায় একটি নির্দিষ্ট মেশিনে খালি প্লাস্টিকের বোতল জমা দিলে বিনিময়ে পাওয়া যাবে একটি ব্যাগ। তার জন্য আলাদা করে কোনও টাকা দিতে হবে না।

প্লাস্টিক বর্জ্য কমানোর পাশাপাশি সাধারণ মানুষকে পুনর্ব্যবহারের অভ্যাসে উৎসাহিত করাও এই পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য। তবে শুধু মেশিন বসালেই উদ্যোগ সফল হবে না, বাজারে তার পর্যাপ্ত ব্যবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণও জরুরি।