বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) ডিএ বৃদ্ধি হয়েছে বেশিদিন হয়নি। সদ্য ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে বার্ষিক বেতন বৃদ্ধির হার দ্বিগুণ করার দাবি জানানো হল। অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে এই প্রস্তাব রেখেছে ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ তথা বিপিএমএস।
সরকারি কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়ে বড় আপডেট | (Central Government Employees)
সম্প্রতি অষ্টম বেতন কমিশনের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রেখেছে ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ। এর মধ্যে অন্যতম সরকারি কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধির হার ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করা।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা মূল বেতনের উপর বছরে ৩ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান। তবে মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ক্রমবর্ধমান দামের কথা মাথায় রেখে এই হার বাড়িয়ে ৬ শতাংশ করার দাবি জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ। সংগঠনের দাবি, বর্তমানে বার্ষিক বেতন বৃদ্ধির যে হার রয়েছে, তা কর্মীদের দৈনন্দিন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আরও পড়ুনঃ পর্যটকদের আকর্ষণ বাড়াতে দিঘায় চিড়িয়াখানা, স্নেক পার্ক! মন্দারমণি নিয়েও বড় পরিকল্পনা রাজ্যের
বার্ষিক বেতন বৃদ্ধির হার দ্বিগুণ করার পাশাপাশি অষ্টম বেতন কমিশনের কাছে পুরনো পেনশন ব্যবস্থা তথা ওপিএস পুনর্বহাল করার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠন। চাকরি থেকে অবসরের পর কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন ব্যবস্থায় বদল আনার প্রস্তাব রাখা হয়েছে।
এছাড়া অষ্টম বেতন কমিশনের কাছে ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘের দাবি, ২০২৬ সালের ১ জানুয়ারির আগে ও পরে অবসর নেওয়া সরকারি কর্মীদের পেনশন সংশোধনের ক্ষেত্রে সমান সুযোগ দেওয়া হোক। কোনও কর্মী যেন অবসরের তারিখের কারণে আর্থিক সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
বিগত কয়েক মাসে বিভিন্ন কর্মী সংগঠনের তরফে অষ্টম বেতন কমিশনের কাছে বেতন, পেনশন সহ নানা প্রস্তাব জমা পড়েছে। তবে এর মধ্যে কোনওটাই চূড়ান্ত নয়। কমিশনের সুপারিশ ও কেন্দ্রের শিলমোহরের পরেই সবটা চূড়ান্ত হবে।












