ICC টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি ভারতের ব্যাটারদের! শীর্ষ দশে উঠে এলেন তিন মহারথী

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আপাতত নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) অ্যাওয়ে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। সিরিজের প্রথম ম্যাচে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), ঋষভ পন্থদের (Rishabh Pant) অসাধারণ ব্যাটিং সত্ত্বেও জয় হাতছাড়া করেছে ভারত। কিন্তু তাদের পারফরম্যান্সের পুরস্কার তারা পেয়েছেন আইসিসি র‍্যাঙ্কিংয়ে (ICC Rankings)।

ব্যাট হাতে প্রথম টেস্ট ম্যাচে অল্পের জন্য শতরান হাতছাড়া করেছেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। আগ্রাসী ব্যাটিং করতে থাকা বাঁ-হাতি ওপেনার যশস্বী ৮৯ বল খেলে ৮৫ রান করে আউট হন। কপাল আরও খারাপ ছিল অধিনায়ক শুভমান গিলের। ৯৮ রানের ব্যক্তিগত স্কোরে ড্রেসিংরুমে ফিরতে হয় তাকে। তার আগে অবধি প্রায় নিখুঁত ব্যাটিং করছিলেন তিনি।

চোট সারিয়ে ফিরে ফের নিজের পুরোনো ছন্দে পাওয়া গিয়েছিল ঋষভ পন্থকে। নিজের চিরপরিচিত আগ্রাসী মেজাজে ব্যাটিং করে তিনি অসাধারণ শতরান হাঁকিয়েছেন। তিনি হয়ে উঠেছিলেন চারটি SENA দেশে শতরান হাঁকানো প্রথম ভারতীয় উইকেটরক্ষক। তার শতরান ও বাকি দুই তারকার অসাধারণ ইনিংসে ভর করেই নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ টেস্ট স্কোর হাঁকানোর রেকর্ড গড়েছে ভারত।

আরও পড়ুন: SENA দেশগুলির বিরুদ্ধে সাফল্য নেই! ভারতীয় টেস্ট দলে গম্ভীরের কোচিং নিয়ে উঠছে প্রশ্ন

এই অসাধারণ পারফরম্যান্সের ফল তারা পেয়েছেন আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে। শ্রীলঙ্কা সফরে শোচনীয় পারফরম্যান্সের পর এই সিরিজে ভালো ব্যাটিং করে এক লাফে পাঁচ ধাপ এগিয়ে ক্রমতালিকায় ৯ নম্বরে উঠে এসেছেন যশস্বী। বড় লাফ মেরেছেন শুভমান গিলও। ১০ নম্বর স্থান থেকে এক ঝটকায় ৭-এ উঠে এসেছেন তিনি।

আরও পড়ুন: এবার তো ৩০০ করবে! তরুণ তারকা বৈভব সূর্যবংশীর ভূয়সী প্রশংসা ইউনিভার্স বস ক্রিস গেইলের

পন্থ অবশ্য আগে থেকেই শীর্ষ ১০-এর অংশ ছিলেন। সর্বশেষ প্রকাশিত তালিকায় ৭ নম্বর স্থান থেকে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন তিনি। তবে আপাতত র‍্যাঙ্কিং নিয়ে খুব একটা ভাবিত নন কেউই। দ্বিতীয় টেস্ট ম্যাচে দলকে জিতিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে সামিল রাখতে মরিয়া গোটা দল।