ক্রাইস্টচার্চে উইকেটশূন্য বুমরা, প্রথম দিন শেষে ফের একই সমস্যার মুখোমুখি ভারত

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ড্র হওয়ার পর দ্বিতীয় টেস্টে জয়ের জন্য মরিয়া ভারত। জয়ের চিন্তা নিয়ে মাঠে নামার পর প্রথম দিনে তুল্যমূল্য লড়াই হয়েছে ভারত ও নিউজিল্যান্ডের (New Zealand vs India) মধ্যে। প্রথম টেস্টের মতো ক্রাইস্টচার্চেও টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের (Indian Cricket Team) অধিনায়ক শুভমান গিল (Shubmam Gill)। শুরুতে বুমরাকে (Jasprit Bumrah) নিষ্ক্রিয় করে দেওয়ায় ভারত বেকায়দায় পড়লেও দিনের শেষে ৮৫ ওভারে নিউজিল্যান্ডের ৫ টি উইকেট তুলে নিয়েছে ভারত। কিন্তু ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলে ২৪৬ রান তুলে কিছুটা স্বস্তির জায়গায় রয়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের হয়ে শুরুতে নতুন বল সামলে বড় পার্টনারশিপ গড়েন দুই ওপেনার। অধিনায়ক টম ল্যাথাম ১২৮ বলে ৫৯ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন। ওপেনার ডেভন কনওয়ে করেন ৩১ রান করে ড্রেসিংরুমে ফেরেন। তাদের মধ্যে হওয়া ৭৭ রানের পার্টনারশিপ ভেঙে লাঞ্চ ব্রেকের ঠিক আগে নিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামা গুরনূর ব্রার কনওয়েকে এলবিডব্লিউ করে নিজের কেরিয়ারের প্রথম টেস্ট উইকেট তুলে নেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে নতুন বল হাতে নিয়েও অস্বাভাবিক রকমের ফিকে ছিলেন যশপ্রীত বুমরা।

এদিন লাঞ্চ বিরতির পর ভারত ম্যাচে ফেরে। ভারতীয় বোলাররা দুর্দান্ত লাইন ও লেংথে বলে করে কিউয়িদের কাজটা ক্রমশ কঠিন করে তুলেছিল। আকাশদীপ পরপর দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তিনি ড্রেসিংরুমে ফেরত পাঠান অধিনায়ক টম ল্যাথাম ও অফফর্মের কবলে পড়া রাঁচিন রবীন্দ্রকে। আরেক নবাগত ভারতীয় পেসার আনশুল কম্বোজ হেনরি নিকোলসকে আউট করেন। ভারতের বিরুদ্ধে বরাবর ভালো খেলা ড্যারেল মিচেলকে ওয়াশিংটন সুন্দর তুলে নেন। এর মাঝে একাধিকবার ছোট ছোট স্পেলে বোলিং করেও উইকেট পাননি বুমরা।

আরও পড়ুন: এবার তো ৩০০ করবে! তরুণ তারকা বৈভব সূর্যবংশীর ভূয়সী প্রশংসা ইউনিভার্স বস ক্রিস গেইলের

কিন্তু কোচ গৌতম গম্ভীরের রক্তচাপ বাড়িয়ে এখনও ক্রিজে রয়েছেন গ্লেন ফিলিপ্স। টম ব্লান্ডেলের সাথে জুটি বেঁধে ফিলিপ্স (৩৬*) ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়ে ফেলেছে। নিউজিল্যান্ড কত অবধি যাবে সেটা খুব বেশি নির্ভর করছে এই জুটির ওপর। তাদের জন্যই বাকি দিনে আর কোনও বিপদে পড়তে হয়নি কিউয়িদের। প্রথম দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ২৪৬/৫।

আরও পড়ুন: SENA দেশগুলির বিরুদ্ধে সাফল্য নেই! ভারতীয় টেস্ট দলে গম্ভীরের কোচিং নিয়ে উঠছে প্রশ্ন

এদিন ভারতের জার্সিতে সবচেয়ে সফল বোলার ছিলেন আকাশদীপ। তার ঝুলিতে এসেছে ২ টি উইকেট। এছাড়া গুরনূর ব্রার, আনশুল কম্বোজ এবং ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নেন। তবে দিনের সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো ভারতের প্রধান অস্ত্র যশপ্রীত বুমরা ১৯ ওভার হাত ঘুরিয়েও কোনও উইকেটের দেখা পাননি। দ্বিতীয় দিনে ম্যাচ নিজেদের দিকে ঝোঁকাতে গেলে দুর্দান্ত ইকোনমি রেট বজায় রাখার পাশাপাশি উইকেটক তুলতে হবে বুমরাকে।