ভারত-ফ্রান্স সম্পর্কের নতুন মাইলফলক! বহু প্রতীক্ষিত রাফালে চুক্তিতে ইতিহাস গড়ার অপেক্ষা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ভারতে (India-France) পৌঁছেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার গভীর রাতে তাঁর বিমান মুম্বইয়ে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। এই সফরকে ঘিরে কূটনৈতিক ও প্রতিরক্ষা মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা ভারত-ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সফরেই চূড়ান্ত হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

ভারত-ফ্রান্স (India-France) সম্পর্কের নতুন মাইলফলক!

সরকারি সূত্রে জানা গিয়েছে, সফরের দ্বিতীয় দিনে মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ম্যাক্রোঁ। বৈঠকের মূল এজেন্ডায় রয়েছে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা চুক্তি সংক্রান্ত চূড়ান্ত আলোচনা। বুধবার তিনি নয়াদিল্লিতে গিয়ে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ যোগ দেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে দুই দেশের যৌথ গবেষণা, বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময় নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: এই ৫টি ছোট্ট ভুল করলেই আর ঢুকবে না টাকা, যুবসাথী নিয়ে বড় আপডেট জানুন

তবে এই সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল প্রস্তাবিত প্রায় ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকার রাফালে যুদ্ধবিমান চুক্তি। প্রশাসনিক মহলের দাবি, চুক্তি সই হলে ফ্রান্স থেকে ১১৪টি নতুন রাফালে যুদ্ধবিমান কিনবে ভারত। স্বাধীনতার পর এটিই হতে পারে দেশের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ১১৪টির মধ্যে ১৮টি সরাসরি ফ্রান্স থেকে সরবরাহ করা হবে, বাকি বিমানগুলি ভারতে নির্মাণ করা হবে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে।

জানা গিয়েছে, প্রথম দফায় ভারতে তৈরি রাফালে যুদ্ধবিমানে অন্তত ৩০ শতাংশ দেশীয় যন্ত্রাংশ ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে তা বাড়িয়ে ৬০ শতাংশে নিয়ে যাওয়ার প্রস্তাব রয়েছে মূল্যায়ন কমিটির রিপোর্টে। এই উদ্যোগ ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। উৎপাদন প্রক্রিয়ায় বেসরকারি ও সরকারি সংস্থার অংশগ্রহণের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে, যাতে দেশীয় প্রতিরক্ষা শিল্প আরও শক্তিশালী হয়।

A new milestone in India-France relations!

 

আরও পড়ুন: এপ্রিল থেকেই মেগা আপডেট, বড়সড় বদল আসতে চলেছে প্যান কার্ডের নিয়মে

উল্লেখ্য, এক দশক আগে ফরাসি সংস্থা Dassault Aviation-এর সঙ্গে চুক্তি অনুযায়ী ভারত ৩৬টি রাফালে যুদ্ধবিমান পেয়েছিল। যদিও ভারতীয় বায়ুসেনার প্রাথমিক চাহিদা ছিল ১২৬টি বিমান। ইতিমধ্যেই পুরনো মিগ-২১ ও মিগ-২৩ ধাপে ধাপে বাতিল হওয়ায় স্কোয়াড্রন সংখ্যায় ঘাটতি তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা Hindustan Aeronautics Limited-এর তৈরি তেজস মার্ক-১এ যুক্ত হলেও প্রয়োজন পুরোপুরি মেটেনি। এই প্রেক্ষাপটে মোদি-ম্যাক্রোঁ বৈঠকেই বহু প্রতীক্ষিত রাফালে চুক্তির চূড়ান্ত রূপ মিলতে পারে বলে কূটনৈতিক মহলের অভিমত।