৫ বছরে ২৫ লক্ষ সরকারি চাকরি! জেন জি-কে আকৃষ্ট করতে নির্বাচনী ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতি অখিলেশের

Published on:

Published on:

Akhilesh Yadav makes several promises in his election manifesto to attract Gen Z.

বাংলাহান্ট ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুবসমাজকে কাছে টানতে বড়সড় চমক দিলেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। স্নাতক পাশ করেও যাঁরা চাকরি পাননি, তাঁদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৫ হাজার টাকা করে বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তাঁর দল। শুধু যুবকদের জন্যই নয়, মহিলাদের বছরে ৪০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণাও রয়েছে নির্বাচনী ইস্তেহারে। রাজনৈতিক মহলের মতে, বাংলার বিভিন্ন জনমুখী প্রকল্পের আদলে তৈরি এই প্রতিশ্রুতিগুলির মাধ্যমে জেন জ়ি ভোটারদের মন জয়ের চেষ্টা করছে সপা।

জেন জি-কে আকৃষ্ট করতে নির্বাচনী ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতি অখিলেশের (Akhilesh Yadav)

বৃহস্পতিবার লখনউয়ে দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন অখিলেশ (Akhilesh Yadav)। ‘জন-মন কা ম্যানিফেস্টো’ এবং ‘সত্তাইস কা সংকল্প: PDA কা প্রাণ-পত্র’ নামে প্রকাশিত এই ইস্তেহারে কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে ২৫ লক্ষ সরকারি চাকরি এবং বেসরকারি-সহ অন্যান্য ক্ষেত্রে ২ থেকে ৩ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরির আশ্বাস দিয়েছে সমাজবাদী পার্টি। পাশাপাশি, জেন জ়ি এবং জেন আলফার প্রত্যাশা পূরণকেও দলের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন অখিলেশ।

আরও পড়ুন: দীর্ঘ যানজট, তৈরি পদপিষ্টের পরিস্থিতি! রাজকীয় আয়োজন করেও অনন্তের মেয়ের বিয়েতে চরম বিশৃঙ্খলা

সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেও একাধিক প্রতিশ্রুতি রয়েছে ইস্তেহারে। প্রতি বছর নিয়োগের নির্দিষ্ট ক্যালেন্ডার প্রকাশের পাশাপাশি এক ধাপের পরীক্ষা তিন মাসের মধ্যে এবং একাধিক ধাপের পরীক্ষা ছ’মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশ্নফাঁস কিংবা নিয়োগে অনিয়ম হলে সংশ্লিষ্ট আধিকারিক ও মন্ত্রীদের ব্যক্তিগতভাবে দায়ী করার কথাও বলা হয়েছে। এ ছাড়া প্রতি বছর পাঁচ লক্ষ যুবক-যুবতীকে দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার জন্য স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরির প্রতিশ্রুতি রয়েছে।

যুবসমাজের পাশাপাশি কৃষক, মহিলা ও নিম্নবিত্তদের জন্যও একগুচ্ছ ঘোষণা করেছে সপা। ২৩টি ফসল ও দুধের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা, ধাপে ধাপে কৃষিঋণ মকুব এবং মহিলাদের বার্ষিক ৪০ হাজার টাকা আর্থিক সাহায্যের প্রস্তাব দেওয়া হয়েছে। দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা এবং বিপিএল পরিবারের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার আশ্বাসও রয়েছে। বন্ধ হয়ে যাওয়া ২৬ হাজার প্রাথমিক স্কুল পুনরায় চালু, দ্বাদশ উত্তীর্ণদের ল্যাপটপ প্রদান এবং পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছে দল।

Akhilesh Yadav makes several promises in his election manifesto to attract Gen Z.

আরও পড়ুন:মাত্র ১০ বছর বয়সে হারান বাবাকে! অভাবের সংসারে কঠোর সংগ্রাম মায়ের, সেনা অফিসার হয়ে স্বপ্নপূরণ ছেলের

ইস্তেহার প্রকাশের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করতেও ছাড়েননি অখিলেশ (Akhilesh Yadav)। তাঁর কটাক্ষ, ‘আচ্ছে দিন’ আসেনি, তবে এ বার ‘বুড়ে দিন’ শেষ হতে চলেছে। সংবিধান দিবসে ইস্তেহার প্রকাশ করে তাঁর বার্তা, দেশ চলবে সংবিধান মেনে, ‘মনুবিধান’ মেনে নয়। মহিলাদের জন্য পৃথক ইস্তেহার এবং জেলা ও শহরভিত্তিক উন্নয়নের পরিকল্পনাও পরবর্তী সময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। এখন দেখার, ভাতা, চাকরি ও সামাজিক সুরক্ষার এই প্রতিশ্রুতি ২০২৭ সালের নির্বাচনে অখিলেশের পক্ষে কতটা জনসমর্থন আদায় করতে পারে।