বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ধনকুবের গৌতম আদানির জন্য বর্তমান সময়টা অত্যন্ত ভালো যাচ্ছে। ইতিমধ্যেই
আদানি গ্রুপের (Adani Group) চেয়ারম্যান গৌতম আদানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে মোট সম্পদের পরিপ্রেক্ষিতে টেক্কা দিয়ে ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে বিবেচিত হয়েছেন। এদিকে, সম্প্রতি আমেরিকায় চলা আদানির বিরুদ্ধে মামলাও বন্ধ করে দেওয়া হয়েছে। এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিশ্বের অন্যতম বৃহত্তম ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ক্যাপিটাল গ্রুপ সম্প্রতি আদানি গ্রুপের কোম্পানিগুলিতে তাদের অংশীদারিত্ব বাড়িয়েছে। অপরদিকে, রিলায়েন্সে তাদের অংশীদারিত্ব কমিয়েছে। ক্যাপিটাল গ্রুপের সদর দফতর আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত।
আদানি গ্রুপে (Adani Group) বিপুল বিনিয়োগ ক্যাপিটাল গ্রুপের:
ইতিমধ্যেই সূত্রকে উদ্ধৃত করে ব্লুমবার্গের এক রিপোর্টে দাবি করা হয়েছে যে, ক্যাপিটাল গ্রুপ সম্প্রতি আদানি গ্রুপের ৩ টি কোম্পানিতে ২ বিলিয়ন ডলারের বেশি বা প্রায় ১৯,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। গত ৫ মে, ক্যাপিটাল গ্রুপ ৭৪.৮৬ বিলিয়ন টাকার বিনিময়ে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের প্রায় ২ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে। এই ক্রয়গুলি উন্মুক্ত বাজারের মাধ্যমে করা হয়েছিল। জানিয়ে রাখি যে, ক্যাপিটাল গ্রুপ বিশ্বব্যাপী ৩.৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বিনিয়োগ পরিচালনা করে। গ্রুপটি আদানি পাওয়ার এবং আদানি গ্রিন এনার্জিতেও ১.৫ শতাংশ থেকে ২ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে।

শেয়ারের গতিবিধি: উল্লেখ্য যে, বিগত এক বছরে আদানি পাওয়ারের শেয়ারের দাম ৯৪ শতাংশ, আদানি গ্রিনের শেয়ারের দাম ৩৫ শতাংশ এবং আদানি পোর্টসের শেয়ারের দাম ২৫ শতাংশ বেড়েছে। তবে, সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে ক্যাপিটাল গ্রুপের একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকার করেছেন। এই বিনিয়োগের প্রসঙ্গে আদানি গ্রুপও কোনও মন্তব্য করেনি। এদিকে, ক্যাপিটাল গ্রুপ রিলায়েন্সে তাদের অংশীদারিত্ব কমিয়েছে। মার্চ মাসের শেষে ক্যাপিটাল গ্রুপের কাছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রায় ১৪২ মিলিয়ন শেয়ার ছিল। ৬ বছর আগে এই সংখ্যা ছিল ৫০০ মিলিয়ন এবং ২০১৭ সালের মার্চ মাসে তা ছিল ৭৫৫ মিলিয়ন। গত এক বছরে রিলায়েন্সের শেয়ারের দাম ৮.৩৬ শতাংশ কমেছে।
আরও পড়ুন: চরম লজ্জা! দুবাই-আবুধাবি থেকে বহিষ্কৃত ২,০০০ পাকিস্তানি, সামনে এল কারণ
শেয়ারের অবস্থা: আদানি পোর্টসের শেয়ার বর্তমানে BSE-তে ০.২৯ শতাংশ কমে ১,৭৮৮ টাকায় লেনদেন হচ্ছে। এর ৫২-সপ্তাহের সর্বোচ্চ দর হল ১,৮২৩.৭৫ টাকা। অপরদিকে, আদানি পাওয়ারের শেয়ারের দর ০.০৫ শতাংশ বেড়ে BSE-তে ২১৯.৫০ টাকায় দাঁড়িয়েছে।
আরও পড়ুন: আর বাড়বে না পেট্রোল-ডিজেলের দাম? মধ্যপ্রাচ্যে সঙ্কটের আবহেই বাজিমাত করলেন মুকেশ আম্বানি
এদিকে, আদানি গ্রিনের স্টকের দাম BSE-তে ০.১০ শতাংশ বেড়ে ১,৩৬০.৫৫ টাকায় লেনদেন হচ্ছে। দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি রিলায়েন্সের শেয়ারও BSE-তে ০.৬১ শতাংশ বেড়ে ১,৩৫৭.৯০ টাকায় লেনদেন হচ্ছে। এই শেয়ারের ৫২-সপ্তাহের সর্বোচ্চ দর হল ১,৬১১.২০ টাকা।













