বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে এখনও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিয়ে অস্বস্তি অব্যাহত রয়েছে। যার সরাসরি প্রভাব পড়ছে ভারতের বিমান পরিষেবায়। ১ এপ্রিল থেকে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি বিমানে ব্যবহৃত জ্বালানি, জেট ফুয়েল (Jet Fuel Price) অর্থাৎ অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দামে নজিরবিহীন বৃদ্ধি ঘোষণা করেছে। একলাফে প্রায় ১১৪ শতাংশ দাম বেড়ে যাওয়ায় বিমান পরিবহণ খাতে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে।
মাসের শুরুতেই লাফিয়ে বাড়ল জেট ফুয়েলের দাম (Jet Fuel Price)!
জানা যাচ্ছে দিল্লিতে মার্চ মাসে যেখানে প্রতি কিলোলিটার এটিএফ-এর দাম ছিল ৯৬ হাজার ৬৩৮ টাকা, সেখানে এক মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসেই তা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৭ হাজার ৩৪১ টাকা। যা এক মাসের ব্যবধানে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি। এই প্রথমবার দেশের বাজারে জেট ফুয়েলের দাম ২ লক্ষ টাকার গণ্ডি অতিক্রম করল, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
আরও পড়ুন: নিত্যযাত্রীদের মাথায় হাত, কলকাতায় জনপ্রিয় পরিষেবা বন্ধ করছে এই অ্যাপ ক্যাব সংস্থা
সূ্ত্রের খবর, কলকাতায় প্রতি কিলোলিটার এটিএফ-এর দাম হয়েছে ২ লক্ষ ৫ হাজার ৯৫৫ টাকা। মুম্বইতে এই দাম ১ লক্ষ ৯৪ হাজার ৯৬৮ টাকা এবং চেন্নাইতে এই দাম পৌঁছেছে ২ লক্ষ ১৪ হাজার ৫৯৭ টাকায়। সাধারণত প্রতি মাসের প্রথম দিনে এই জ্বালানির দাম নির্ধারিত হয়, তবে এত বড় বৃদ্ধির নজির আগে দেখা যায়নি।
বিমান সংস্থাগুলির মোট পরিচালন ব্যয়ের একটি বড় অংশই জ্বালানির পিছনে খরচ হয়, যা প্রায় ৩৫ থেকে ৪৫ শতাংশ। ফলে এটিএফ-এর দামে এই বিপুল বৃদ্ধি সরাসরি উড়ানের খরচে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, খুব শীঘ্রই বিমান ভাড়াও বাড়তে পারে, যার প্রভাব পড়বে সাধারণ যাত্রীদের পকেটে।

আরও পড়ুন: শিক্ষকদের জন্য বড় স্বস্তি! টেট বাধ্যতামূলক তুলে দিতে নতুন আইন আনছে কেন্দ্র
বিশ্বজুড়ে এই জ্বালানি পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে ইরান, আমেরিকা ও ইজরায়েলের সংঘাতের জেরে পশ্চিম এশিয়ায় অস্থিরতা বেড়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে ১ এপ্রিল থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও ২১৮ টাকা বেড়ে কলকাতায় ২,২০৮ টাকায় পৌঁছেছে, যা সামগ্রিকভাবে জ্বালানি খাতে চাপ আরও বাড়িয়ে তুলেছে। এবার এই জেট ফুয়েলের (Jet Fuel Price) অগ্নিমূল্য সাধারণ মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।












