‘আমি ED-তে থাকলে অনেক আগেই জেলে ভরতাম’! অভিষেককে ইঙ্গিত করে বিস্ফোরক অর্জুন

Published on:

Published on:

BJP MLA transport minister Arjun Singh slams Abhishek Banerjee
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকে তৃণমূলের অন্দরে ডামাডোল অবস্থা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আইনি অস্বস্তি বাড়ছে। শনিবার আবার দাপুটে নেতা মদন মিত্রের ঠিকানায় হানা দেয় ইডি। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা বিজেপি বিধায়ক অর্জুন সিং (Arjun Singh)। স্পষ্ট বলেন, “তৃণমূলকে যে ধ্বংস করবে, সেই আমার বন্ধু’।

অভিষেককে ইঙ্গিত করে বিস্ফোরক অর্জুন | (Arjun Singh)

এদিন কামারহাটির তৃণমূল বিধায়ক মদনের বাড়িতে ইডি হানা ও অভিষেককে সিআইডি-র জোড়া তলব নিয়ে প্রতিক্রিয়া দেন অর্জুন। অভিষেককে ইঙ্গিত করে বলেন, “আজ যদি আমি ইডি-র দায়িত্বে থাকতাম, তাহলে অনেকদিন আগেই ওকে গ্রেফতার করে জেলে ভরতাম”।

আরও পড়ুনঃ ছিনতাই থেকে বাঁচতে গিয়ে তরুণী ব্যাঙ্ককর্মীর মৃত্যু! মালদহে মর্মান্তিক ঘটনা, গ্রেফতার ৩

এখানেই না থেমে অভিষেকের বর্তমান আইনি সংকট নিয়েও আক্রমণ শানান নোয়াপাড়ার বিজেপি বিধায়ক। তিনি বলেন, “এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একটাই কথা একদম পারফেক্ট খাটে, সেটা হল, দেখ কেমন লাগে!”

এসবের পাশাপাশি ব্যারাকপুরে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের বিদ্রোহী শিবিরে নাম লেখানোর জল্পনা নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন অর্জুন। তিনি বলেন, “ও বিজেপি-তে নয়, বিক্ষুব্ধ দলে যাচ্ছে। আর এই বিক্ষুব্ধ দলই আস্তে আস্তে তৃণমূলকে ভিতর থেকে শেষ করছে”।

Arjun Singh

অর্জুনের সংযোজন, “তৃণমূলকে যা শেষ করবে, আমার তাতে কোনও আপত্তি নেই। তৃণমূল কংগ্রেসকে যে ধ্বংস করবে, সেই আমার বন্ধু, সেখানে আবার পার্থ কে! যারা তৃণমূলের ক্ষতিসাধন করবে, আমার তাঁদের নিয়ে কোনও অসুবিধা নেই। এখনও যারা তৃণমূলে রয়েছে, শুধু তাঁদের নিয়ে আমার সমস্যা”।

বর্তমানে বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা হলেও, অর্জুন নিজেও একসময় তৃণমূলের অংশ ছিলেন। পরবর্তীতে বিজেপিতে যোগদান করেন। ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হিসেবেই নোয়াপাড়ায় জয়লাভ করেছেন। সম্প্রতি রাজ্যের পরিবহণ দফতরের দায়িত্ব পেয়েছেন তিনি।