বাংলা হান্ট ডেস্কঃ ছিনতাইয়ের হাত থেকে বাঁচার চেষ্টায় চলে গেল প্রাণ। মৃতার নাম চন্দ্রিমা ঝাঁ (২৫)। তিনি এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী (Bank Employee) ছিলেন বলে খবর। শনিবার মালদহে (Malda News) এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। আহত হয়েছেন মৃতার এক সহকর্মীও।
মালদহে তরুণী ব্যাঙ্ককর্মীর মর্মান্তিক মৃত্যু | (Malda News)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিয়াচকের সুজাপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় কর্মরত ছিলেন চন্দ্রিমা। তাঁর বাড়ি মোথাবাড়ি থানার সাট্টারিতে। তবে কর্মসূত্রে ইংরেজবাজারের ফুলবাড়ি এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতেন। চন্দ্রিমা ও তাঁর এক সহকর্মী ঝুম্পা হালদার একসঙ্গে স্কুটি নিয়ে কাজে যেতেন। শনিবার কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময়ই ঘটে বিপত্তি।
আরও পড়ুনঃ ভোটে হারের পর ফের ধাক্কা! এবার দেবাংশুকে নিয়ে কড়া সিদ্ধান্ত তৃণমূলের
জানা গিয়েছে, গতকাল ঝুম্পা স্কুটি চালাচ্ছিলেন, পিছনে বসেছিলেন চন্দ্রিমা। সুজাপুর বাসস্ট্যান্ড থেকে আচমকা তিনজন যুবক তাঁদের ফলো করতে শুরু করে। মধুঘাট সেতু পার করার পর ওই তিনজন ধাওয়া করতে থাকে। অভিযোগ, চন্দ্রিমা ও ঝুম্পার দিকে বেল্টও ছুঁড়ে মারা হয়েছিল।
এভাবে কিছুদূর যাওয়ার পর চলন্ত অবস্থাতেই চন্দ্রিমার কাঁধের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইবাজরা। হ্যাঁচকা টানের জেরে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে চন্দ্রিমা ও ঝুম্পা দু’জনেই রাস্তার উপর পড়ে যান। সেই সময় পিছন থেকে আসা একটি দ্রুতগতির গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান এই তরুণী ব্যাঙ্ককর্মী। গুরুতর আহত হন তাঁর সহকর্মীও।

ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত তিন ছিনতাইবাজকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, তাঁদের নাম হানিফ শেখ, সাবির শেখ ও মোবারক শেখ। গতকাল তাঁদের মালদহ আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
এই বিষয়ে মালদহের পুলিশ সুপার অনুপম সিং সংবাদমাধ্যমের কাছে জানান, ধৃত তিন ছিনতাইবাজের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার অন্যতম ডিজিটাল প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ আদালতে পেশ করা হবে। এছাড়া ধৃতরা এই এলাকায় নিয়মিত ছিনতাই চালাত কিনা এবং তাঁদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেটা জানতে জোরদার তদন্ত ও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।













