বাংলাহান্ট ডেস্ক : শহর কলকাতার রুফটপ বারগুলি নিয়ে আবারও কড়া পদক্ষেপ করল কলকাতা পুরসভা (Calcutta Municipality)। রুফটপ বার এবং রেস্তোরাঁগুলিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত নিয়ম ভাঙার অভিযোগ নিয়ে এবার কড়া সিদ্ধান্ত নিল পুরসভা। জানা যাচ্ছে, স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি লঙ্ঘনের দায়ে শহরের ১৭ টি রুফটপ বার এবং রেস্তোরাঁগুলিকে নোটিশ পাঠানো হয়েছে।
শহরের রুফটপ রেস্তোরাঁ গুলিকে নোটিশ পুরসভার (Calcutta Municipality)
পুরসভা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত বছরের অগাস্ট মাসে যে এসওপি জারি হয়েছিল, সেখানে স্পষ্ট বলা হয়েছিল যে রুফটপ রেস্তোরাঁ বা বারের ছাদের অন্তত ৫০ শতাংশ সম্পূর্ণ খোলা এবং কাঠামো মুক্ত রাখতে হবে। জরুরি পরিস্থিতিতে যাতে মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছিল।

নিয়ম না মানার অভিযোগ: এদিকে পরিদর্শন করতে গিয়ে দেখা যায়, নিয়ম কিছুই মানা হচ্ছে না। নোটিশপ্রাপ্ত বেশিরভাগ রুফটপ বার, রেস্তোরাঁই সমগ্র ছাদ নিয়ম বহির্ভূত ভাবে দখল করে রেখেছে। ওই প্রতিষ্ঠানগুলিকেই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর পুরসভা সূত্রে। এসওপি মেনে চলার নির্দেশ দেওয়ার পাশাপাশি অন্যথায় প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন : ৬ ঘন্টার জন্য অচল শহর, মিলবে না ওলা-উবের কিছুই! মাথায় হাত নিত্যযাত্রীদের
কী নির্দেশ পুরসভার: পুরসভার (Calcutta Municipality) তরফে জানানো হয়েছে, ছাদের অর্ধেক অংশ খোলা থাকলে আপৎকালীন পরিস্থিতিতে দমকল পৌঁছানোর আগে মানুষ সেখানে আশ্রয় নিতে পারবেন। সেইসঙ্গে দমকল ইঞ্জিনের হাইড্রলিক মই যাতে ছাদে সহজে পৌঁছাতে পারে তার জন্য রাস্তার দিকটা খোলা রাখার কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে, ছাদের দরজায় তালা দেওয়া যাবে না। জরুরি নির্গমনের পথ সবসময় পরিস্কার এবং আলোকিত করে রাখতে হবে।
আরও পড়ুন : একথালা ভাত সাবাড় হবে নিমেষে, রইল টক-ঝাল পাঁঠার মাংসের ভর্তার রেসিপি
পুরসভা আরও জানিয়েছে, ভবিষ্যতে আর কোনও রুফটপ নির্মাণের অনুমতি দেওয়া হবে না। পুরসভার এক আধিকারিক বলেন, গত ১৫ দিনের মধ্যে পাঠানো হয়েছে নোটিশগুলি। এরপর দ্বিতীয় দফার পরিদর্শনও শুরু হবে শীঘ্রই। আরও যে প্রতিষ্ঠানগুলি এসওপি লঙ্ঘন করেছে, ধীরে ধীরে তাদেরও নোটিশ পাঠানো হবে বলে জানান তিনি।













