টোল ট্যাক্সে আর নয় নগদ লেনদেন! এই দিন থেকে শুরু হচ্ছে ক্যাশলেশ টোলিং, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Published on:

Published on:

Central govt has made a big announcement about toll tax.
Follow

বাংলা হান্ট ডেস্ক: টোল ট্যাক্স (Toll Tax) ব্যবস্থা পুরোপুরি ডিজিটাল করার পথে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আগামী ১ এপ্রিল থেকে দেশের সমস্ত জাতীয় সড়ক ও মহাসড়কের টোল প্লাজায় নগদ লেনদেন বন্ধ করে দেওয়া হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, টোল ট্যাক্স দিতে হবে কেবলমাত্র ফাস্টট্যাগ বা ইউপিআই পদ্ধতিতে। চলতি অর্থবর্ষের শেষ দিন, অর্থাৎ ৩১ মার্চ পর্যন্তই শুধু নগদে টোল দেওয়ার সুযোগ থাকবে। এর পর থেকে ‘ক্যাশলেস টোলিং’ ব্যবস্থা বাধ্যতামূলক হয়ে যাবে।

টোল ট্যাক্স (Toll Tax) নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের:

কেন্দ্রের লক্ষ্য, দেশের হাইওয়ে যাত্রাকে দ্রুত, স্বচ্ছ ও ঝঞ্ঝাটমুক্ত করা। মন্ত্রকের মতে, ফাস্টট্যাগ চালু থাকলেও এখনও বহু গাড়িচালক নগদে টোল দেওয়া পছন্দ করেন। এর জেরে টোল প্লাজায় দীর্ঘ লাইন, যানজট ও অযথা সময় নষ্ট হয়। উৎসব বা ছুটির মরশুমে এই সমস্যা আরও তীব্র আকার নেয়। নগদ লেনদেন বন্ধ হলে টোল প্লাজায় গাড়ি থামার প্রবণতা কমবে এবং যান চলাচল অনেকটাই স্বাভাবিক থাকবে বলে মনে করছে কেন্দ্র।

আরও পড়ুন: দেশজুড়ে ঘটেছিল উড়ান বিপর্যয়! ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কেন্দ্রের, দেওয়া হল বড় নির্দেশ

সরকারের দাবি, টোল প্লাজায় বারবার গাড়ি থামানো ও চালু করার ফলে জ্বালানি খরচ বেড়ে যায় এবং চালকদের শারীরিক ক্লান্তিও বাড়ে। দীর্ঘ দূরত্বের যাত্রায় এই সমস্যা আরও প্রকট হয়। নগদহীন টোল ব্যবস্থায় গাড়ির গতি বজায় থাকবে, ফলে সময় ও জ্বালানি—দুটোই সাশ্রয় হবে। একই সঙ্গে টোল আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে এবং হিসাব সংক্রান্ত জটিলতাও কমবে বলে মত কেন্দ্রের।

ইউপিআই-এর মাধ্যমে টোল ট্যাক্স দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যেই দেশের বহু প্রান্তে জনপ্রিয় হয়ে উঠেছে। স্মার্টফোন ব্যবহারকারী চালকদের কাছে এই পদ্ধতি সহজ ও দ্রুত। এই অভিজ্ঞতাকেই সামনে রেখে নগদ লেনদেন পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে টোল কর্মীদের সঙ্গে সরাসরি লেনদেনের প্রয়োজনও কমবে এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা আরও মজবুত হবে।

Central govt has made a big announcement about toll tax.

আরও পড়ুন: RG Kar মামলায় শিয়ালদহ আদালতে CBI-এর নতুন স্ট্যাটাস রিপোর্ট, নতুন তথ্যেই কি বদলাবে তদন্তের দিশা?

এই সিদ্ধান্তকে ভবিষ্যতের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই দেখছে কেন্দ্র। খুব শিগগিরই দেশে চালু হতে পারে মাল্টি-লেন ফ্রি ফ্লো বা এমএলএফএফ টোলিং ব্যবস্থা। এই পদ্ধতিতে টোল প্লাজায় কোনও ব্যারিয়ার থাকবে না। গাড়ি চলন্ত অবস্থাতেই ফাস্টট্যাগ ও যানবাহন শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় ভাবে টোল কেটে নেওয়া হবে। সরকারের মতে, এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থাই আগামী দিনের ভারতের আধুনিক হাইওয়ে ব্যবস্থার দিশা দেখাবে।