দেশজুড়ে ঘটেছিল উড়ান বিপর্যয়! ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কেন্দ্রের, দেওয়া হল বড় নির্দেশ

Published on:

Published on:

Directorate General of Civil Aviation has taken a big step against IndiGo.
Follow

বাংলা হান্ট ডেস্ক: গত ডিসেম্বরে একের পর এক উড়ান বাতিল ও সময়সূচি বদলের জেরে চরম যাত্রীভোগান্তির ঘটনায় দেশের বৃহত্তম বেসরকারি উড়ান সংস্থা ইন্ডিগোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (Directorate General of Civil Aviation)। শনিবার একটি বিবৃতি জারি করে ইন্ডিগোর উপর ২২ কোটি ২০ লক্ষ টাকা জরিমানা চাপানো হয়েছে। পাশাপাশি সংস্থার শীর্ষস্তরের কর্তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। ডিজিসিএ-র নির্দেশে ইন্ডিগোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস)-কে তাঁর বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাঁকে আপাতত কোনও দায়িত্ব না দেওয়ার নিদান দেওয়া হয়েছে।

ইন্ডিগোর বিরুদ্ধে বড় পদক্ষেপ ডিজিসিএ-র (Directorate General of Civil Aviation):

ডিজিসিএ জানিয়েছে, গত ৩ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে ইন্ডিগোর মোট ২,৫০৭টি উড়ান বাতিল হয়েছিল এবং ১,৮৫২টি উড়ানের সময়সূচি পরিবর্তন করা হয়। এর জেরে দেশের বিভিন্ন বিমানবন্দরে তিন লক্ষেরও বেশি যাত্রী আটকে পড়েন। হঠাৎ করে এত বিপুল সংখ্যক উড়ান বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নির্দেশে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ডিজিসিএ।

Directorate General of Civil Aviation has taken a big step against IndiGo.

আরও পড়ুন: আজ সোনার গহনা কিনলে কি লাভবান হবেন? জানুন ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত

তদন্তে ইন্ডিগোর একাধিক শীর্ষকর্তার সঙ্গে কথা বলা হয় এবং সংস্থার নেটওয়ার্ক পরিকল্পনা, সফ্‌টঅয়্যার ব্যবস্থাপনা, পাইলট ও কেবিন ক্রুদের কাজের সময়সূচি খতিয়ে দেখা হয়। ডিজিসিএ-র রিপোর্টে উঠে এসেছে, এই বিপর্যয়ের নেপথ্যে মূলত পরিচালনাগত ত্রুটি এবং পরিকল্পনার ঘাটতি দায়ী। পাশাপাশি সংশোধিত ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস’ বিধি যথাযথ ভাবে মানতে ব্যর্থ হয়েছে ইন্ডিগো।

ডিজিসিএ-র পর্যবেক্ষণ অনুযায়ী, সংস্থার কর্মীদের কাজের সময়সূচি ইচ্ছাকৃত ভাবে এমন ভাবে নির্ধারণ করা হয়েছিল যাতে সর্বাধিক কাজ করানো যায়। দীর্ঘক্ষণ একটানা ডিউটি, বিশ্রামের পর্যাপ্ত সময় না দেওয়া এবং কাজের সময়সীমা বাড়িয়ে দেওয়ার মতো সিদ্ধান্তে ধীরে ধীরে পুরো পরিচালন ব্যবস্থা ভেঙে পড়ে। এর সরাসরি প্রভাব পড়ে যাত্রী পরিষেবার উপর, যার ফল হিসেবে দেখা দেয় ব্যাপক উড়ান বাতিল ও বিশৃঙ্খলা।

আরও পড়ুন: বেলডাঙা সেকশনে ট্রেন চলাচল স্থগিত, নিরাপত্তার স্বার্থে কঠোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল

তদন্তের বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে পাঠিয়েছে ডিজিসিএ। জরিমানার পাশাপাশি ইন্ডিগোর সিইও ও সিওও-কে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। আরও কয়েক জন আধিকারিকের বিরুদ্ধেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। উড়ান নিয়ন্ত্রক সংস্থার স্পষ্ট বার্তা, যাত্রী নিরাপত্তা ও পরিষেবার মানে কোনও আপস বরদাস্ত করা হবে না।