‘এনাফ ইজ এনাফ’! ভরা বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনকে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

CM Suvendu Adhikari warns MLA Humayun Kabir over his controversial statements
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহের শুরুতেই উত্তপ্ত বিধানসভা। এদিন নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে স্পষ্ট করে দেন, ‘শিক্ষা’ দেওয়ার সময় এসে গিয়েছে।

হুমায়ুনকে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর | (Suvendu Adhikari)

মুখ্যমন্ত্রী এদিন বলেন, সম্প্রতি দু’টি জায়গায় ভীষণ আপত্তিজনক, রাজ্য ও সাম্প্রদায়িক সমাজের জন্য ক্ষতিকারক বক্তব্য রেখেছেন নওদার বিধায়ক। গত ২৬ জুন কাশীপুরের রেজিনগর ও ২৮ জুন শক্তিপুরের দুয়ারাঘাটের কর্মসূচিতে হুমায়ুনের বলা বক্তব্য পাঠ করে শোনান তিনি।

আরও পড়ুনঃ আয়ুষ্মান ভারতের ফর্মের কোথায় কী লিখতে হবে? আবেদন করতে কী কী নথি লাগছে জানুন

এরপর শুভেন্দু বলেন, “এই দু’টো ঘটনা ঘটার পর মনে হয়েছে, এনাফ ইজ এনাফ। এই ধরণের লোককে শিক্ষা দেওয়ার সময় এসে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর মুখ্যমন্ত্রী নন। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে আগে যা ইচ্ছা করেছেন, যা ইচ্ছা বলেছেন”।

কোন অ্যাজেন্ডা নিয়ে হুমায়ুন এসব করছেন, সেটারও ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এসব আপনি কেন করছেন আমি জানি। আপনার প্রথম অ্যাজেন্ডা ছিল, রেজিনগর-ভরতপুর-নওদায় প্রত্যেক নির্বাচিত পঞ্চায়েত ভেঙে আপনার দলে নিয়ে যাওয়া। সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হল, দু’টি আসনে জিতেছেন। নিয়ম মেনে রেজিনগর ছেড়ে দিয়েছেন। আগামী ২-৩ মাসের মধ্যে ওই কেন্দ্রে উপনির্বাচন। সেখানে নিজের ছেলেকে জেতাতে চাইছেন। ৭২ শতাংশ মুসলিম ভোট টানতেই এই খেলায় মেতেছেন”।

এই ধরণের হুমকি, বেপরোয়া কথাবার্তা আর বলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু। হুমায়ুনের উদ্দেশে বলেন, “কান খুলে শুনে রাখুন, এই ধরণের হুমকি-ধমক, বেপরোয়া, লাগামছাড়া কথাবার্তা আর বলতে দেব না।“

মুখ্যমন্ত্রী জানান, আগামী ৭ দিনের মধ্যে তিনি মুর্শিদাবাদ যাচ্ছেন। তিনি বলেন, হুমায়ুনকে ওই সভায় যারা ডেকেছিলেন, আগে তাঁদের কাছে ও পরে হুমায়ুনের কাছে যাবেন। একইসঙ্গে নওদার বিধায়ককে সর্তক করে তাঁর বার্তা, গুন্ডাদের নয়, এবার আইনের শাসক প্রতিষ্ঠিত হবে। এবার থেকে এই ধরণের কথা বলার আগে ২৫ বার ভাবুন।

Suvendu Adhikari

এই বিষয়ে বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন, “মুখ্যমন্ত্রীকে আমি কিছু বলিনি। তৃণমূলের কিছু গুন্ডা এখন বিজেপি হয়েছে। আমি ওদের নিয়ে বলেছি। আর আমার সঙ্গে শাহজাহান, শওকত, জাহাঙ্গিরদের তুলনা হয় না। ৪৫ বছর ধরে আমি রাজনীতি করছি”।

তৃণমূল আমলে বহুবার বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে আসতেন হুমায়ুন কবীর। তবে এখন সময় বদলেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। এখন যে এসব আর বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।