নভেম্বরে রাজ্যের সব পুরসভায় ভোট! ফিরহাদকে কড়া ভাষায় আক্রমণ করে বড় ঘোষণা দিলীপের

Published on:

Published on:

Dilip Ghosh made a big announcement regarding municipal elections
Follow

বাংলা হান্ট ডেস্ক : কলকাতা পুরসভার মেয়রের ইস্তফার পর পুরভোটের দিনক্ষণ নিয়ে নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এই আবহে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যে উঠে এসেছে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতির অভিযোগ।

কী বলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)?

আসন্ন পুর নির্বাচন নিয়ে সরব হয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলে দিলীপ ঘোষ বলেন, ‘এটা তো সবে শুরু। সময় গুনতে থাকুন, ঠক বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। এক থেকে দেড় হাজার লোককে অবিলম্বে গ্রেফতার করা উচিত, যারা অত্যন্ত অপরাধী ও লুটেরা। মানুষের মধ্যে এদের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ রয়েছে। যাতে কোনো অঘটন না ঘটে, সেজন্যই এদের গ্রেফতার করে জেলে রাখা উচিত।’

কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অবস্থান নিয়েও তীব্র কটাক্ষ করেন দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘এতদিন উনি কী করতেন? মাটিতে বসতেন নাকি ভরতের মতো খড়ম পরে পুজো করতেন? এই নাটক তো দিদির কাছ থেকেই শেখা। এখন চুপচাপ থাকাই ভালো। গত ১৫ বছর মানুষ সব দেখেছে, ইঞ্চি থেকে ফুট, সব ধরনের নেতার কথাও মানুষ মনে রেখেছে।’

দিলীপ ঘোষ দাবি করেন, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা শাসক দলের একাংশ সাধারণ মানুষের প্রত্যাশাকে উপেক্ষা করেছে। তাঁর কথায়, ‘মানুষকে অবজ্ঞা করা হয়েছে, এখন তারই ফল ভোগ করতে হচ্ছে।’ আসন্ন পুরসভা নির্বাচন নিয়েও নিজের অনুমান প্রকাশ করেন দিলীপ ঘোষ। তাঁর মতে, চলতি বছরের নভেম্বরেই রাজ্যের বিভিন্ন পুরসভায় ভোট হতে পারে। পাশাপাশি তিনি দাবি করেন, কেন্দ্রের নানা প্রকল্প ও উন্নয়নমূলক কর্মসূচির প্রভাব রাজ্যেও পড়তে শুরু করেছে।

Dilip Ghosh made a big announcement regarding municipal elections

আরও পড়ুন : ৩ দিনের কড়া ডেডলাইন! কলকাতার নতুন মেয়র কে হচ্ছেন?

সেই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গ আগামী দিনে দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
পুরভোটের সম্ভাব্য সময়সূচি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা যত বাড়ছে, ততই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তরজা তীব্র হচ্ছে। দিলীপ ঘোষের এই মন্তব্যগুলি সেই রাজনৈতিক বিতর্ককে আরও একধাপ এগিয়ে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।