বাংলা হান্ট ডেস্ক: পুর নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। সোমবার সকালে কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। দীর্ঘ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রাতে তাঁকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তদন্তকারী সংস্থার দাবি, জেরার সময় একাধিক প্রশ্নের উত্তরে অসংগতি ধরা পড়ায় তাঁকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় প্রাক্তন মন্ত্রীকে।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)
পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত কয়েক মাস ধরেই ইডির নজরে ছিলেন সুজিত বসু। অভিযোগ, অর্থের বিনিময়ে পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার একটি চক্রের সঙ্গে তাঁর নাম জড়িয়ে রয়েছে। তদন্তের স্বার্থে গত ৬ এপ্রিল থেকে শুরু করে বিধানসভা ভোট চলাকালীন একাধিকবার তাঁকে হাজিরার নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সেই সময় নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কথা জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী। তৃণমূল সূত্রের দাবি, আদালতের নির্দেশ মেনেই ভোট চলাকালীন ইডির জেরা এড়িয়ে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: দেশবাসীকে কেন এক বছর সোনা কিনতে বারণ করলেন প্রধানমন্ত্রী? নেপথ্যে রয়েছে এই বিশেষ কারণ
ভোটপর্ব মিটতেই গত ১ মে প্রথমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন সুজিত বসু। সেদিন তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীও। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বাইরে বেরিয়ে তিনি জানিয়েছিলেন, আদালতের নির্দেশ মেনেই তদন্তে সহযোগিতা করতে এসেছেন। সেই সময় থেকেই তদন্তকারীরা তাঁর আর্থিক লেনদেন, সম্পত্তি এবং পুর নিয়োগ সংক্রান্ত একাধিক নথি খতিয়ে দেখতে শুরু করেন বলে সূত্রের খবর। এরপর সোমবার ফের তাঁকে তলব করা হয়।
সোমবার সকাল থেকেই ইডির দপ্তরে টানা প্রায় ১০ ঘণ্টা ধরে জেরা করা হয় সুজিত বসু এবং তাঁর ছেলেকে। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন এবং কিছু নথি নিয়ে তাঁদের আলাদা করে প্রশ্ন করা হয়। দীর্ঘ জেরার পর তাঁর ছেলে দপ্তর থেকে বেরিয়ে গেলেও সুজিত বসুকে আটক রাখা হয়। পরে ইডি সূত্রে খবর আসে, তাঁর বয়ানে অসংগতি এবং কিছু তথ্য গোপনের অভিযোগ সামনে আসায় তাঁকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:টানা ১০ ঘণ্টার ম্যারাথন জেরা! পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেফতার করল ইডি
রাতেই তাঁর শারীরিক পরীক্ষা করানো হতে পারে বলে জানা গিয়েছে। এরপর তাঁকে আদালতে পেশ করার প্রস্তুতি নিচ্ছে ইডি। রাজনৈতিক মহলে এই গ্রেপ্তারিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিরোধীরা যেখানে দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ বলে দাবি করছে, সেখানে তৃণমূলের একাংশের অভিযোগ, নির্বাচনের পর রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। তবে তদন্তকারী সংস্থা জানিয়েছে, সমস্ত পদক্ষেপই আদালতের নির্দেশ ও প্রমাণের ভিত্তিতে করা হচ্ছে (Sujit Bose)।













