বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা (Government Employees) অষ্টম পে কমিশনের (8th Pay Commission), জন্য অধীর আগ্রহে বসে আছেন। পরবর্তী বেতন কাঠামো কেমন হবে এবং বেতন কতটা বৃদ্ধি পাবে, পাশাপাশি ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ (Fitment Factor) কত নির্ধারণ করা হবে, এই সব বিষয়েই জোর জল্পনা চলছে। কি আপডেট সামনে আসছে জেনে নিন।
অষ্টম পে কমিশন সংক্রান্ত আপডেট | Government Employees
অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে বলে বিবেচিত হচ্ছে। যদিও বাস্তবে, কর্মীদের বেতন বৃদ্ধির জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে। নয়া পে কমিশন আসতে আসতে ২০২৭ সালের শেষ ভাগ পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা। নয়া বেতন কমিশন চালু হলে বেতন (Salary Hike) থেকে পেনশন, সবকিছুই এক ধাক্কায় বৃদ্ধি পাবে।
অষ্টম পে কমিশনে নতুন ফর্মুলায় ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে রিভাইজড স্যালারি হবে বেসিক পে × ফিটমেন্ট ফ্যাক্টর। ফিটমেন্ট ফ্যাক্টর হলো সেই গুণক যা বর্তমান বেসিক পে-র সঙ্গে গুণ করে নতুন বেতন কাঠামো তৈরি করা হয়। নয়া পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৩ থেকে ২.৫৭-এর মধ্যে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
আবার নেক্সডিজিমের পেরোল সার্ভিস ডিরেক্টর রামচন্দ্রন কৃষ্ণমূর্তির মতে, এই গুণকটি ১.৯- ২.৫-এর মধ্যে থাকতে পারে। অন্যদিকে, কার্মা ম্যানেজমেন্ট গ্লোবাল কনসাল্টিং সলিউশনস-এর এমডির মতে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৩ থেকে ২.৪৬-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। ২.৫৭ পর্যন্তও হতে পারে।
অষ্টম বেতন কমিশনের প্রাথমিক অনুমান অনুসারে বেতন সর্বোচ্চ ৩৫ শতাংশ বৃদ্ধির ধারণা করা হচ্ছে। ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে প্রায় ৩০,০০০- ৩২,০০০ টাকা হতে পারে। এদিকে বেতন পরিবর্তনের সাথে সাথে অষ্টম পে কমিশন বাস্তবায়নের পর কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণও (DA ও DR) পরিবর্তন হবে।

আরও পড়ুন: দেশজুড়ে ঘটেছিল উড়ান বিপর্যয়! ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কেন্দ্রের, দেওয়া হল বড় নির্দেশ
সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনারদের ক্ষেত্রেও এই পরিবর্তন প্রযোজ্য হবে। ন্যুনতম পেনশন বা ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে আসবে বড়সড় পরিবর্তন। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের উৎসবের মরসুমেই সম্ভবত সরকার এই নতুন বেতন কাঠামো ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।












