বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employees) কাছে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অষ্টম বেতন কমিশন। ইতিমধ্যে এটি নিয়ে বিভিন্ন পর্যালোচনা শুরু হয়েছে। শুধু তাই নয়, ভাতা এবং পেনশন সংক্রান্ত একাধিক বিষয়ে গুরুতর প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই ইন্ডিয়ান রেলওয়েস টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন (IRSTA) কমিশনের বর্তমান প্রক্রিয়ায় বেশ কিছু ত্রুটি উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে। এর ফলে কর্মচারী ও পেনশনভোগীদের গুরুত্বপূর্ণ সমস্যাগুলি উপেক্ষিত থেকে যেতে পারে।
অষ্টম বেতন কমিশন সংক্রান্ত নতুন আপডেট (Government Employees):
ফাইন্যান্সিয়াল টাইমসের একটি রিপোর্ট অনুসারে, ভাতাগুলির শ্রেণিবিভাগ নিয়ে সবচেয়ে বড় বিতর্ক সৃষ্টি হয়েছে। IRTSA জানিয়েছে যে, সপ্তম বেতন কমিশন ১৯৬ টি বিভিন্ন ভাতা বিস্তারিতভাবে পর্যালোচনা করলেও অষ্টম বেতন কমিশনের অনলাইন প্রক্রিয়ায় এগুলিকে মাত্র ১২টি প্রধান শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনিয়নের মতে, প্রতিটি ভাতা নির্দিষ্ট কাজ, ঝুঁকি বা কাজের পরিবেশের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। সুতরাং, সেগুলিকে সীমিতসংখ্যক শ্রেণিতে বিভক্ত করলে ভাতাগুলির মূল উদ্দেশ্য হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এর ফলে কর্মচারীদের পক্ষে তাঁদের সুনির্দিষ্ট সমস্যা ও দাবিগুলি সঠিকভাবে তুলে ধরাও কঠিন হয়ে পড়ে এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত হতে পারে।

এছাড়াও, IRSTA পেনশন এবং পারিবারিক পেনশন নিয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। এই প্রসঙ্গে IRSTA জানিয়েছে যে, কমিশনের আলোচ্যসূচিতে অবসর-সম্পর্কিত কিছু দিক অন্তর্ভুক্ত থাকলেও, পেনশনের ওপর সুস্পষ্ট ও ব্যাপক আলোকপাতের অভাব রয়েছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী এবং তাঁদের পরিবারের আর্থিক নিরাপত্তা সরাসরি পেনশনের ওপর নির্ভরশীল। পূর্ববর্তী বেতন কমিশনগুলি পেনশন সংস্কারকে একটি কেন্দ্রীয় বিষয় হিসেবে বিবেচনা করেছিল। কিন্তু, এবার আশঙ্কা করা হচ্ছে যে এটি ততটা অগ্রাধিকার নাও পেতে পারে।
আরও পড়ুন: চোটের সম্মুখীন রোনাল্ডো! খেলবেন বিশ্বকাপে? CR7-কে বাদ দিয়ে দল ঘোষণা পর্তুগালের
কমিশনের অনলাইন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে: এছাড়াও, পরামর্শ প্রদানের জন্য তৈরি করা এই ডিজিটাল ব্যবস্থাটি মাত্র ৯ টি বিষয়ের মাধ্যমে সমস্ত বিষয়কে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে। এই বিষয়টিকে IRSTA অপর্যাপ্ত বলে বর্ণনা করেছে। এছাড়াও, প্রতিটি বিষয়ের জন্য ৩,৫০০ অক্ষরের সীমাবদ্ধতা এবং কেবল একটি নথি আপলোড করার অনুমতিকেও উল্লেখযোগ্য বাধা হিসেবে বিবেচনা করা হয়। IRSTA-র যুক্তি হল, এত সীমিত পরিসরের মধ্যে বিভিন্ন ক্যাডার ও পদ সম্পর্কিত জটিল বিষয়গুলিকে ধারণ করা অসম্ভব। যার কারণে কর্মচারীদের মতামত সম্পূর্ণরূপে প্রকাশ পাবে না। এছাড়াও, IRSTA তার স্মারকলিপিতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে। যেগুলির মধ্যে রয়েছে কেরিয়ার প্রোগ্রেশন স্কিম (MACPS)-এর পর্যালোচনা, পরিবর্তিত ভূমিকা অনুযায়ী গ্রুপ এ, বি এবং সি ক্যাটাগরির পুনর্গঠন, অনলাইন প্রক্রিয়ার পাশাপাশি সশরীরে স্মারকলিপি জমা দেওয়ার অনুমতি এবং আদালতের রায় অন্তর্ভুক্ত করা।
আরও পড়ুন: অবশেষে এল সেই সুসংবাদ! IPL ২০২৬-এর আগে অনুরাগীদের চিন্তা কমালেন খোদ KKR কোচ
অষ্টম বেতন কমিশন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অষ্টম বেতন কমিশন বর্তমানে পরামর্শ গ্রহণের পর্যায়ে রয়েছে এবং কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগী ও অন্যান্যদের কাছ থেকে পরামর্শ চাইছে। কমিশনা পরামর্শ জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত বাড়িয়েছে। যাতে প্রত্যেকেই তাদের মতামত উপস্থাপনের জন্য অতিরিক্ত সময় পান। তবে, সামগ্রিকভাবে, এখন সবচেয়ে বড় প্রশ্ন হল কমিশন আদৌ তার কার্যপরিধি প্রসারিত করে ভাতা ও পেনশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে যথাযথ অগ্রাধিকার দেবে কি না। কারণ এই সিদ্ধান্তগুলি লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী ও অবসরপ্রাপ্তদের আর্থিক অবস্থা এবং ভবিষ্যৎ নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলবে।












