বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক প্রতিশ্রুতি পূরণ করছে রাজ্যের নতুন সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করেছেন মহিলারা। এবার বেকারভাতা তথা যুবশক্তি (Yuva Shakti) নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
যুবশক্তি প্রকল্পের লেটেস্ট আপডেট | (Yuva Shakti)
শুক্রবার মালদহে এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা করা হয়েছে। যুবশক্তি ও বার্ধক্য ভাতা নিয়ে আমাদের কাজ এগোচ্ছে। খুব শীঘ্রই চালু হবে”।
আরও পড়ুনঃ ‘আমি ED-তে থাকলে অনেক আগেই জেলে ভরতাম’! অভিষেককে ইঙ্গিত করে বিস্ফোরক অর্জুন
শুভেন্দুর এই ঘোষণার পরেই যুবশক্তি প্রকল্প নিয়ে আশার আলো দেখছেন অনেকে। মনে করা হচ্ছে, চলতি জুন মাস অথবা জুলাই মাস থেকে যুবশক্তি ভরসা কার্ড শুরু হয়ে যেতে পারে।
বিধানসভা ভোটের আগে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প চালু করেছিল তৃণমূল সরকার। মাসে মাসে তাঁদের ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছিল। এই প্রকল্পের জায়গা নিতে চলেছে যুবশক্তি। নয়া স্কিমের মাধ্যমে রাজ্যের উপভোক্তাদের মাসিক ৩ হাজার টাকা করে দেবে বিজেপি সরকার। অর্থাৎ প্রতিশ্রুতি মতো দ্বিগুণ ভাতা দেওয়া হবে। তবে রয়েছে শর্ত।

যুবশক্তির টাকা কারা পাবেন?
১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীর বয়স ২১-৪০ বছরের মধ্যে হতে হবে।
৩) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।
৪) আবেদনকারী কোনও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।
তবে নতুন সরকার এই যোগ্যতার মাপকাঠিতে কিছু বদলও আনতে পারে। সেক্ষেত্রে এই বিষয়ক নির্দেশিকা জারি হলে বিষয়টি স্পষ্ট হবে।
এদিকে যুবশক্তি যোজনার অফিশিয়াল ওয়েবসাইট ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই এই প্রকল্প চালু হবে। তবে কোনও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেননি তিনি। ফলে আপাতত এই সংক্রান্ত সরকারি নির্দেশিকার অপেক্ষায় থাকা ছাড়া কোনও উপায় নেই।













