বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে শুরু হতে চলেছে আধুনিকীকরণের কাজ। ভূগর্ভস্থ পথে যাত্রীদের সর্বোচ্চ সুবিধা, স্বাচ্ছন্দ্য দিতে উত্তর দক্ষিণ শাখায় এই উদ্যোগের ব্যাপারে আগেই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ব্লু লাইনের কাজ। এর আগে মেট্রোর তরফে জানানো হয়েছিল, এই আধুনিকীকরণের কাজে ব্যয় হবে প্রায় ৫৮৫ কোটি টাকা। তবে এবার কেন্দ্রীয় রেলমন্ত্রী সংসদে জানান, এই প্রকল্পের বাজেট ধরা হয়েছে প্রায় ১২০১ কোটি টাকা।
মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনের আধুনিকীকরণে কত খরচ?
সংসদে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের একলঞ লিখিত প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কলকাতা মেট্রোর ব্লু লাইনে শীতাতপ ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং ভূগর্ভস্থ পথে টানেল ভেন্টিলেশন আধুনিকীকরণের কাজ চলছে। তিনি আরও জানান, বর্তমানে টানেলগুলিতে ‘ওয়াটার কুলড চিলার’ ব্যবহৃত হয়। এতে প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ জলের ব্যবহার হত। কিন্তু আধুনিকীকরণের ব্যবস্থায় বদলে দেওয়া হবে কুলিং এর চিত্র।

কী জানান রেলমন্ত্রী: রেলমন্ত্রী জানান, এবার থেকে ওয়াটার কুলড চিলার এর বদলে এয়ার কুলড চিলার ব্যবহৃত হবে। এতে বছরে যেমন ১৮ কোটি লিটার জল সাশ্রয় হবে, তেমনই ভূগর্ভস্থ জলরক্ষাও হবে। এছাড়াও আধুনিক টানেল ভেন্টিলেশন সিস্টেমের মধ্যে থাকবে ধোঁয়া নিয়ন্ত্রণ করার ব্যবস্থা। এই গোটা প্রক্রিয়া শেষ হতে অন্তত চার বছর লাগবে বলে জানান রেলমন্ত্রী।
আরও পড়ুন : ‘যে সরকার নিজের কর্মীদেরই…’, DA ইস্যুতে রাজ্যকে তীব্র কটাক্ষ ভূপেন্দ্র যাদবের
অবশেষে বদলাচ্ছে সিস্টেম: এ বিষয়ে মেট্রোর এক আধিকারিক বলেন, মাটির নীচে মেট্রো (Kolkata Metro) যখন শহরে প্রথম চালু হয়, তখন পরিবেশ নিয়ন্ত্রণ এবং বায়ু চলাচল ব্যবস্থা তেমন ভাবেই পরিকল্পনা করা হয়েছিল। তখন মেট্রোও ছিল নন এসি। প্রায় চার দশকেরও বেশি সময় ধরে পরিষেবা দেওয়ার পর পরিবেশ নিয়ন্ত্রণ থেকে শীতাতপ ব্যবস্থা সবটাই আধুনিকীকরণ করা হচ্ছে।
আরও পড়ুন : বিশ্বকাপের দাপটে অস্তাচলে সিরিয়ালের TRP, জায়গা খোয়াল ‘পরশুরাম’, শীর্ষস্থানে কে?
আধিকারিক আরও জানান, এই প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ১২০১ কোটি টাকা। আর এর মধ্যে অত্যাধুনিক টানেল ভেন্টিলেশন সিস্টেম থেকে পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য বরাদ্দ হয়েছে ৫৮৫ কোটি টাকা।












