বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় নাগরিক হিসেবে সবথেকে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে অন্যতম আধার কার্ড (Aadhaar)। বিভিন্ন সরকারি কাজে, আর্থিক প্রকল্প থেকে আরও নানান কাজে প্রয়োজন হয় আধার নম্বর বা আধার কার্ড। এমন গুরুত্বপূর্ণ নথি যদি হারিয়ে যায় তবে নিঃসন্দেহে তা হয়ে দাঁড়ায় বড়সড় চিন্তার বিষয়।
আধার কার্ড (Aadhaar) হারিয়ে গেলে কী করবেন?
বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। কারোর যদি আধার কার্ড হারিয়ে যায়, তবে কি নতুন করে কার্ড তৈরি করতে হবে? একেবারেই না। খুব সহজেই পুনরুদ্ধার করতে পারবেন আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি। ইউআইডিএআই এর তরফে এই বিশেষ সুবিধা দেওয়া হয়ে থাকে ব্যবহারকারীদের।

বাড়িতেই পুনরুদ্ধার সম্ভব: আধারের সঙ্গে মোবাইল নম্বর এবং ইমেল আইডি লিঙ্ক করা থাকলে মাত্র কয়েক মিনিটেই আধার নম্বর ফিরে পাওয়া যায়। ঘরে বসে খুব সহজেই তা করা সম্ভব। এর জন্য লাগবে আধারে নিবন্ধিত ব্যবহারকারীর পুরো নাম, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং রেজিস্টার্ড ইমেল আইডি। এবার প্রশ্ন হচ্ছে, অনলাইনে কীভাবে পুনরুদ্ধার করা যাবে আধার নম্বর?
আরও পড়ুন : টলিউডে চাঞ্চল্য, এবার কোটি টাকার প্রতারণার অভিযোগ সোহমের বিরুদ্ধে
কীভাবে হবে পুনরুদ্ধার: এর জন্য প্রথমেই UIDAI এর ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘Retrieve Lost or Forgotten EID/UID’ অপশনটি সিলেক্ট করতে হবে। সেখানে নাম, রেজিস্টার্ড মোবাইল নম্বর বা রেজিস্টার্ড ইমেল আইডি লিখতে হবে। এরপর মোবাইলে বা ইমেলে পাঠানো ওটিপি যাচাই সম্পূর্ণ হলে রেজিস্টার্ড মোবাইল বা ইমেল আইডিতে আধার (Aadhaar) নম্বর পাঠিয়ে দেবে ইউআইডিএআই।
আরও পড়ুন : ‘তৃণমূল জিতলে আমাকেও ব্যান করত’, স্বরূপের বিরুদ্ধে বিষ্ফোরক দেব
আধার নম্বর পুনরুদ্ধারের পর ডাউনলোড করতে হবে e-Aadhaar। এর জন্য ইউআইডিএআই এর ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড আধার অপশনে ক্লিক করতে হবে। এরপর আধার নম্বর লিখে ওটিপি ভেরিফাই করে পিডিএফ ফরম্যাটে e-Aadhaar ডাউনলোড করতে হবে। তবে আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক করা না থাকলে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে। সেখানে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে মোবাইল নম্বর আপডেট করা যাবে।














