বাংলাহান্ট ডেস্ক : রাজ্য পর্যটনের ক্ষেত্রে এবার বড় চমক। গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে এবার ৪৫ কোটি টাকার চুক্তি করল রাজ্য সরকার। এই চুক্তির আওতাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দুটি অত্যাধুনিক হাইব্রিড ফেরি (Hybrid Ferry) এবং জলদাপাড়ার ভেঙে যাওয়া স্থানে নির্মাণ হবে বেইলি ব্রিজ।
চালু হতে চলেছে হাইব্রিড ফেরি (Hybrid Ferry)
শনিবার একটি বিশেষ অনুষ্ঠান হয় কলকাতায়, যেখানে এই চুক্তির কথা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, জিআরএসই চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর। কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই চুক্তির আওতায়?

কত বরাদ্দ হয়েছে: জানা যাচ্ছে, চুক্তির আওতায় ঠিক করা হয়েছে, দুটি ফেরি তৈরি হবে। এক একটির নির্মাণ ২১ কোটি টাকা করে। মোট বরাদ্দ হয়েছে ৪২ কোটি টাকা। জানা যাচ্ছে, এই দুটি হতে চলেছে হাইব্রিড ডিজেল-ইলেকট্রিক ফেরি। শব্দ এবং কম্পনও কম হবে এই ফেরিগুলিতে। মূলত বাণিজ্যিক এবং যাত্রীবাহী হিসেবে ব্যবহার করা হবে এই ফেরিগুলি।
আরও পড়ুন : আইনে সংশোধনী আনল রেল, ট্রেন বা স্টেশনে ‘এই’ কর্ম করলেই গুনতে হবে দ্বিগুণ জরিমানা
কী বিশেষত্ব ফেরির: জানা যাচ্ছে, ফেরিগুলি ২৪ মিটার লম্বা এবং ৮ মিটার চওড়া হবে। ড্রাফট ক্ষমতা হবে ১ মিটার। যাত্রী ধারণ ক্ষমতা হবে ১০০ জন। হাইব্রিড ডিজেল-ইলেকট্রিক চালিত হওয়ায় কার্বন নির্গমন এবং পরিচালন খরচ কমে যাবে। পরিকল্পনা অনুযায়ী, চন্দননগর, ব্যারাকপুর এবং দক্ষিণেশ্বর এর মতো রুটগুলিতে চলবে এই ফেরিগুলি (Hybrid Ferry)। ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বেলি ব্রিজের জন্য। জলদাপাড়ার ভাঙা স্থানে এটি তৈরি হবে বলে খবর। জানা যাচ্ছে, আগামী ১৫ মাসের মধ্যে সব প্রকল্প সম্পূর্ণ করে রাজ্য সরকারকে সরবরাহ করা হবে।
আরও পড়ুন : জরিমানা দিলেই ছাড় নয়! রাস্তায় থুতু ফেললে এবার কী পদক্ষেপ? জানালেন অগ্নিমিত্রা
জানিয়ে রাখি, জিআরএসই এখনও পর্যন্ত ভারতীয় সেনা, বিআরও সহ বিভিন্ন সংস্থাকে ৫৯০০-র বেশি বেলি ব্রিজ সরবরাহ করেছে। নতুন চুক্তি মিলিয়ে সংস্থাটি পশ্চিমবঙ্গ সরকারের জন্য মোট ১৩ টি হাইব্রিড ডিজেল-ইলেকট্রিক ফেরি তৈরি করছে।













