‘ভারত কিছুই ভুলে যায় না, কাউকে ক্ষমা করে না’, অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে হুঙ্কার ভারতীয় বায়ুসেনার

Published on:

Published on:

IAF issues strong message against terrorism on Operation Sindoor anniversary.
Follow

দিনটা ছিল ৭ মে, ২০২৫। আজ থেকে ঠিক এক বছর আগে এই দিনেই সেই নৃশংস পহেলগাঁও হামলার পাল্টা জবাব দিতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে শুরু হয়েছিল ভারতের বহুচর্চিত ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। অভিযানের প্রথম বর্ষপূর্তিতে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিও প্রকাশ করে ফের কড়া বার্তা দিল ভারতীয় বায়ু সেনাবাহিনী। সেনার স্পষ্ট বক্তব্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই এখনও অব্যাহত এবং দেশের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রকারীদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সোশ্যাল মিডিয়ায় জওয়ানদের সাহসিকতার প্রশংসা করে বার্তা দিয়েছেন।

অপারেশন সিঁদুরের (Operation Sindoor) বর্ষপূর্তিতে সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা ভারতীয় বায়ুসেনার

ভারতীয় সেনাবাহিনীর প্রকাশ করা ভিডিওতে অভিযানের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে। সেখানে দেখা গিয়েছে কীভাবে অত্যন্ত নিখুঁত পরিকল্পনা এবং আধুনিক রণকৌশলের মাধ্যমে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। ভিডিওতে জল, স্থল এবং আকাশ, তিন বাহিনীর সমন্বিত অভিযানের দৃশ্যও দেখানো হয়েছে। সেনার দাবি, এই অপারেশন ছিল অত্যন্ত সুসংগঠিত এবং সীমান্তের ওপারে থাকা একাধিক জঙ্গি ডেরা সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব হয়েছিল যৌথ বাহিনীর দ্রুত ও সুনির্দিষ্ট পদক্ষেপের কারণে।

আরও পড়ুন: ‘তৃণমূল ছেড়ে বিজেপি করার অপরাধে…’, চন্দ্রনাথের মৃত্যু নিয়ে বিষ্ফোরক বন্ধু!

সেই ভিডিওর ক্যাপশনে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, “ভারত কিছুই ভোলেনি, কাউকে ক্ষমাও করেনি।” সেনার বক্তব্য অনুযায়ী, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনও প্রচেষ্টার জবাব ভারত কঠোরভাবেই দেবে। সেনার এই কড়া অবস্থানকে জাতীয় নিরাপত্তা রক্ষায় ভারতের দীর্ঘমেয়াদি কৌশলের অংশ বলেই মনে করছে প্রতিরক্ষা মহল।

বর্ষপূর্তির দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, পহেলগাঁওয়ে নিরপরাধ ভারতীয়দের উপর যারা হামলা চালিয়েছিল, ভারতীয় জওয়ানরা তাদের উপযুক্ত জবাব দিয়েছে। তাঁর মতে, ‘অপারেশন সিঁদুর’ শুধু একটি সামরিক অভিযান ছিল না, এটি ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের প্রতীক। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সুরক্ষায় ভারতীয় সেনাবাহিনীর পেশাদারিত্ব, সাহসিকতা এবং আত্মত্যাগ গোটা বিশ্বের সামনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

IAF issues strong message against terrorism on Operation Sindoor anniversary.

 

আরও পড়ুন: বৈশাখের শুরুতে বাজারে বাড়ল সোনার দাম! জানুন আজকের ২২ ও ২৪ ক্যারেটের দাম

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি জানান, এই অভিযানের মাধ্যমে ভারত দেখিয়ে দিয়েছে যে আধুনিক প্রযুক্তি ও দেশীয় প্রতিরক্ষা সক্ষমতার জোরে যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। এক বছর পরেও ভারত সন্ত্রাসবাদ দমনে একইভাবে অটল রয়েছে বলেও স্পষ্ট করেছেন তিনি। সব মিলিয়ে, ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর প্রথম বর্ষপূর্তিতে সেনা ও সরকারের বার্তা পরিষ্কার যে, দেশের নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবেই।