বাংলা হান্ট ডেস্ক:যুবসাথী (Yuvasathi) প্রকল্পের আবেদন এখনও চলছে। কিন্তু অনেকেই ফর্মে ভুল করছেন তথ্য দিতে। জমা দেওয়ার পর যখন নজরে আসছে এই ভুলগুলি, তখন দুশ্চিন্তায় পড়ছেন আবেদনকারীরা। কীভাবে করবেন এই ভুল সংশোধন (Yuvasathi Form Correction), জেনে নিন।
যুবসাথী (Yuvasathi) প্রকল্পের আবেদনে ভুল হয়ে থাকলে কী করবেন?
প্রথমে এক্ষেত্রে জেনে নিন যুবসাথী প্রকল্পে অনলাইন এবং অফলাইন দুইভাবেই ফর্ম জমা নেওয়া হচ্ছে। কিন্তু সংশোধনের ক্ষেত্রে দুই ভাবে নয়, এখনও পর্যন্ত কেবল একভাবেই সংশোধন করা সম্ভব হচ্ছে। যেমন যারা অনলাইনে ফর্ম জমা করছেন, সে ক্ষেত্রে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার ফলে আর পরিবর্তন করা যাচ্ছে না কোন কিছু।
কিন্তু আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্প বা অন্য কোনও ক্যাম্পে গিয়ে অফলাইনে যুবসাথীর ফর্ম জমা করে থাকেন, আর যদি বোঝেন যে কোথাও ভুল তথ্য দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনি দ্রুত আবার অনলাইনে আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে আধার নম্বরের ভিত্তিতে আপনার নতুন একটি অ্যাপ্লিকেশন আইডি তৈরি হয়ে যাবে অনলাইনে। পরবর্তীকালে যদি ভুল ফর্ম এন্ট্রি করা হয়, তখন সিস্টেমে ধরা পড়বে যে আধার নম্বরটি ইতিমধ্যেই নথিভুক্ত করা হয়েছে, এর ফলে ভুল তথ্যের আগের অফলাইন ফর্মটি নিজে থেকেই বাতিল হয়ে যাবে।
আরও পড়ুন:বিধানসভার আগেই রাজ্যসভা ভোট, শাসক দলে কারা হচ্ছেন প্রার্থী?
তবে এ বিষয়ে একটা ব্যাপারে সতর্ক থাকা খুবই জরুরী, অনেকেই অনলাইনে ভুল হওয়ার পর আরেকটি মোবাইল নম্বর দিয়ে নতুন করে লগইন করে আবার সঠিকভাবে ফর্ম ফিলাপ করেন, যেটা করা একেবারেই উচিত হবে না। এতে কিন্তু ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে। কারণ মোবাইল নাম্বার বদল হলেও আধার কার্ডের নম্বর কিন্তু একই থাকবে। এর ফলে দুটি আবেদনই বাতিল হতে পারে।
আরও পড়ুন:কেরালা থেকে ‘কেরলম’ করল মোদি সরকার, নবান্নের দাবি কবে গ্রাহ্য হবে?

যারা অনলাইনে ফর্ম ফিলাপ করেছেন আর ফর্ম ফিলাপ করতে গিয়ে কোনও কিছুতে ভুল হয়েছে, সংশোধন করতে চান, তাদেরও হতাশ হওয়ার কিছু নেই। হয়তো কিছুদিন পর কর্তৃপক্ষ এডিট উইন্ডো বা সংশোধনের সুযোগ দেবে, কারণ সারা রাজ্য জুড়ে এই প্রকাণ্ড কর্মকাণ্ড চলছে, তাতে কোনও কোনও ক্ষেত্রে ভুল হয়ে যেতেই পারে কোন কারনে, সে ক্ষেত্রে আশা করা যায় সরকার থেকে সংশোধনের সুযোগ দেবে।












