বাংলা হান্ট ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজে (IND vs NZ) পরাজয়ের পর টিম ইন্ডিয়া এবার T20 সিরিজে তার বদলা নিয়েছে। এই সিরিজে দাপটের সঙ্গে নিউজিল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া। গুয়াহাটিতে সিরিজের তৃতীয় ম্যাচে, জসপ্রীত বুমরাহর মারাত্মক বোলিং এবং অভিষেক শর্মার দুর্ধর্ষ ব্যাটিংয়ের ওপর ভর করে ভারত নিউজিল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে। এর ফলে, টিম ইন্ডিয়া ৫ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় এবং সিরিজটি জিতে যায়। এই ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড মাত্র ১৫৩ রান করে। জসপ্রীত বুমরাহ, ৩ টি উইকেট নিয়েছিলেন। তারপর, অভিষেক শর্মা মাত্র ১৪ বলে হাফ-সেঞ্চুরি করেন। মাত্র ১০ ওভার তথা ৬০ বলেই ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া।
টিম ইন্ডিয়ার (IND vs NZ) দাপট:
গুয়াহাটির স্টেডিয়ামে খেলা এই ম্যাচে, টিম ইন্ডিয়া প্রথম ওভার থেকেই আধিপত্য বিস্তার করে। প্রথমে ব্যাট করতে আসা নিউজিল্যান্ড, তৃতীয় বলেই প্রথম ধাক্কা খায়। যেখানে হর্ষিত রানা ওপেনার ডেভন কনওয়েকে আউট করেন। পরের ওভারে হার্দিক রচিন রবীন্দ্রকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। তারপর ষষ্ঠ ওভারে, জসপ্রীত বুমরাহ প্রথম বলে টিম সেইফার্টকে ক্লিন বোল্ড করেন।

সেখান থেকে, গ্লেন ফিলিপস (৪৮) এবং মার্ক চ্যাপম্যান (৩২) কিছুটা লড়াই করলেও প্রায় এক বছর পর দলে ফিরে আসা স্পিনার রবি বিষ্ণোই এই জুটি ভেঙে দেন। তারপর কিউইরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। বিষ্ণোই পরপর দুই ব্যাটারকে আউট করেন। এদিকে, হার্দিক ড্যারিল মিচেলকে পরাস্ত করেন। যদিও শেষ পর্যন্ত কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার দ্রুত কিছু রান যোগ করেন। এই ম্যাচে বুমরাহ ৩ টি উইকেট নেন। অপরদিকে, হার্দিক এবং বিষ্ণোই ২ টি করে উইকেট নেন।
আরও পড়ুন: এই ব্যাঙ্কের নিট মুনাফায় ২০ শতাংশের বৃদ্ধি! শেয়ারের দিকে নজর বিনিয়োগকারীদের
অভিষেকের দুরন্ত পারফরম্যান্স: টিম ইন্ডিয়ার শুরুটা খারাপ হয়েছিল। প্রথম বলেই সঞ্জু স্যামসন আউট হয়ে যান। কিন্তু, এরপর নিউজিল্যান্ড আর দাপট দেখাতে পারেনি। ক্রিজে আসা নতুন ব্যাটার ঈশান কিষাণ এবং অভিষেক ঝড় তুলতে শুরু করেন। তাঁরা একসঙ্গে মাত্র ৩.১ ওভারে টিম ইন্ডিয়াকে ৫০ রানেরও বেশি রান যুক্ত করেন।
আরও পড়ুন: এই ডিলেই হতে চলেছে বাজিমাত! ভারতে লাফিয়ে কমবে বৈদ্যুতিক গাড়ির দাম, EV-র বাজারে উঠবে ঝড়
এই ম্যাচে ঈশান ২৮ রান করে আউট হন। এদিকে, অভিষেক অপরাজিত ৬৮ রান করেন। তিনি মাত্র ২০ বলে ৭ টি চার ও ৫ টি ছক্কায় দ্রুত এই রান করে ফেলেন। অভিষেক মাত্র ১৪ বলে তাঁর হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। যা T20 ক্রিকেটে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেকোনও ব্যাটসম্যানের দ্রুততম হাফ-সেঞ্চুরি হিসেবে বিবেচিত হচ্ছে। তারপর, অধিনায়ক সূর্যকুমার যাদব আক্রমণ বজায় রাখেন। এর আগের ম্যাচের মতোই এই ম্যাচেও ভারতের অধিনায়ক করেন হাফ-সেঞ্চুরি। দশম ওভারের শেষ বলে সূর্য (৫৭ অপরাজিত, ২৬ বল) বাউন্ডারি মেরে মাত্র ৬০ বলে দলের জয় নিশ্চিত করেন।












