২০২৬-এর প্রথম বিদেশ সফরে মোদী! মালয়েশিয়ায় পৌঁছে দিলেন দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার বার্তা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: মালয়েশিয়া থেকেই ২০২৬ সালের প্রথম বিদেশ সফর শুরু করলেন ভারতের ( India-Malaysia) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দু’দিনের সরকারি সফরে কুয়ালালামপুরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এরপর দু’জন একই গাড়িতে করে প্রবাসী ভারতীয়দের একটি কর্মসূচিতে যোগ দেন। সেই মঞ্চ থেকেই মোদী দাবি করেন, উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে ভারত এখন বিশ্বের কাছে এক বিশ্বস্ত অংশীদার, আর বিশ্বাসই হয়ে উঠেছে ভারতের সবচেয়ে শক্তিশালী ‘মুদ্রা’।

আরও মজবুত ভারত-মালয়েশিয়া (India-Malayshia) সম্পর্ক

প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণে মোদী জানান, ইতিমধ্যেই ভারত একাধিক দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে। মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বার্তাও দেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে অর্থনীতি, প্রযুক্তি এবং জনসম্পর্কের কথা। মোদীর মতে, ভারত আজ কেবল বাজার নয়, বরং স্থায়ী উন্নয়নের অংশীদার হিসেবে আন্তর্জাতিক মহলে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সেই বক্তব্যে সমর্থন জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, ভারত মালয়েশিয়ার শীর্ষ বাণিজ্যিক অংশীদারদের অন্যতম।

আরও পড়ুন: ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণের নেপথ্যে রয়েছেন খোদ মুনির? ভাইরাল ভিডিও ঘিরে শুরু হইচই

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, দুই দেশের সম্পর্ক কেবল পণ্য আমদানি-রফতানিতে সীমাবদ্ধ নয়। পর্যটন ক্ষেত্রেও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। আনোয়ারের কথায়, শুধু ২০২৫ সালেই ১৫ লক্ষের বেশি ভারতীয় পর্যটক মালয়েশিয়া সফর করেছেন। এই মানুষের সঙ্গে মানুষের যোগাযোগই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করছে বলে মন্তব্য করেন তিনি। দুই দেশের সাংস্কৃতিক ও সামাজিক বন্ধন যে ক্রমশ মজবুত হচ্ছে, তা এই পরিসংখ্যানেই স্পষ্ট।

ভাষণের এক পর্যায়ে আনোয়ার ইব্রাহিমের গায়ক-সত্ত্বার প্রশংসা করেন মোদী। পাশাপাশি অভিনেতা-রাজনীতিক এমজি রামচন্দ্রনের তামিল গানের প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অনুরাগের কথাও তুলে ধরেন। এই প্রসঙ্গে মোদী তামিল ভাষার গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, তামিল বিশ্বের কাছে ভারতের এক অনন্য উপহার। তাঁর মতে, তামিল ভাষাভাষী মানুষ তাঁদের জ্ঞান ও প্রতিভা দিয়ে মানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। উদাহরণ হিসেবে তিনি ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নাম উল্লেখ করেন।

India-Malaysia relations got stronger.

আরও পড়ুন: ২৫ বছর পর মুম্বাইয়ের মেয়র পদ হাতছাড়া শিবসেনার! দায়িত্ব নিলেন বিজেপির রীতু তাউরে

প্রবাসী ভারতীয়দের ভূমিকাকে ভারত-মালয়েশিয়া সম্পর্কের সেতুবন্ধন বলে অভিহিত করেন মোদী। তিনি মালয়েশিয়ায় নতুন ভারতীয় কনস্যুলেট খোলার ঘোষণা করেন। পাশাপাশি জানান, খুব শীঘ্রই সে দেশে ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউপিআই চালু হবে। এছাড়া ভারতে পড়াশোনা করা প্রবাসী পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ চালুর কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা স্পষ্ট করে দেন তিনি।