বাংলাহান্ট ডেস্ক : গ্রাহকদের জন্য পরিষেবা আরও উন্নত করছে ভারতীয় ডাকবিভাগ (India Post)। সময় বাঁচাতে ২৪ ঘন্টার মধ্যে ডেলিভারি পরিষেবা আনছে ডাক বিভাগ। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, ছয়টি মেট্রো শহরকে এই পরিষেবার আওতায় আনা হবে। দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং কলকাতায় শুরু হতে চলেছে এই বিশেষ পরিষেবা। ২৪ ঘন্টার মধ্যে ডেলিভারি না হলে পয়সা ফেরতের গ্যারান্টিও দিচ্ছে ডাক বিভাগ।
গ্রাহকদের জন্য বিশেষ পরিষেবা ডাক বিভাগের (India Post)
যেমনটা জানা যাচ্ছে, ব্যাপক লোকসানের মধ্যে দিয়ে চলেছে ডাক বিভাগ। গত ২০২৪-২৫ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। অন্যান্য বেসরকারি সংস্থাগুলি যেভাবে দ্রুততার সঙ্গে ডাক পরিবহন থেকে ডেলিভারি করে থাকে, সেখানে কেন্দ্রীয় সরকারের আওতাধীন ভারতীয় ডাক বিভাগ অনেকটাই পিছিয়ে রয়েছে। তাই লোকসান কাটিয়ে উঠতে প্রিমিয়াম পরিষেবা চালু করার দিকে হাঁটছে ডাক বিভাগ। জানুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন পরিষেবা।

কত খরচ পড়বে: ডাক বিভাগ সূত্রে খবর, আপাতত ২৪ ঘন্টার পরিষেবায় ৫০০ গ্রাম পর্যন্ত নথি পাঠানো যাবে। আগামীতে ভারী পার্সেলের ক্ষেত্রেও এই পরিষেবার সুবিধা মিলবে। আরও জানা যাচ্ছে, নতুন পরিষেবার খরচের হিসেব ৫০, ২৫০ এবং ৫০০ গ্রাম পর্যন্ত তিনটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। স্থানীয় এলাকার ক্ষেত্রে ৫০ গ্রাম বা তার কম ওজনের ডেলিভারিতে নূন্যতম খরচ পড়বে ৩৮ টাকা। ২০০০ কিমি বা তার বেশি দূরত্বের ক্ষেত্রে এই ওজনের ডাক (India Post) পাঠাতে সর্বোচ্চ খরচ পড়বে ১৮৬ টাকা। এর উপরে আবার ৫ শতাংশ হারে জিএসটি প্রযোজ্য হবে।
আরও পড়ুন: ভারতের প্রতি সুর নরম? তারেক রহমানের প্রত্যাবর্তনে কীভাবে বদলাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট?
কখন বুকিং করতে হবে: গ্রাহক চাইলে বিমা বা রেজিস্ট্রেশনের মতো অতিরিক্ত পরিষেবাও নিতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা খরচ পড়বে। ডাক বিভাগ সূত্রে জানা যাচ্ছে, একসঙ্গে অনেক ডাক বুকিং করলে নানান রকম আর্থিক সুবিধা পাওয়া যাবে। ২৪ ঘন্টায় ডেলিভারি পরিষেবার ক্ষেত্রে আগে পরিষেবা পরে পেমেন্টের সুবিধা থাকছে। প্রতিদিন বিকেল চারটের মধ্যে বুকিং করলেই পরের দিন তা ডেলিভারি দেওয়া সম্ভব হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে সন্ধ্যা ছটা পর্যন্ত মিলবে সুবিধা।
আরও পড়ুন: ‘…কেঁদেও কুল পাবেন না’, বাংলাদেশ বর্বরতার বিরুদ্ধে সোচ্চার জাহ্নবী
ডাক বিভাগ দাবি করেছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি ডেলিভারি না হয়, তবে খরচ রিটার্ন দেওয়া হবে। ডাক খোওয়া গেলে বা নষ্ট হলে সর্বোচ্চ হাজার টাকা ক্ষতিপূরণ মিলবে। পাশাপাশি ২৪ ঘন্টায় গ্যারান্টি সহ ডেলিভারির মতো ৪৮ ঘন্টার মধ্যেও ডেলিভারি চালু হতে চলেছে।












